ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত পুলিশসহ বেশ কয়েকজন

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ৩১ অক্টোবর ২০২৬
মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত পুলিশসহ বেশ কয়েকজন
ছবি: ডেইলি বাংলাদেশ।

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে জড়ো হওয়ার পর দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় সাড়ে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সাতপাকিয়া কাঁচাবাজারে এক কৃষককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে বিরোধের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাতপাকিয়া কাঁচাবাজারে একটি ভ্যানগাড়ির সঙ্গে ঘষা লাগাকে কেন্দ্র করে ডাকপাড়া এলাকার এক কৃষকের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই কৃষককে মারধর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শুক্রবার রাতে উভয় পক্ষ মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করার উদ্যোগ নেয়।

এর ধারাবাহিকতায় শনিবার সকালে দুই গ্রামের লোকজন শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনাস্থলে যান। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, শুক্রবার কাঁচাবাজারে ভ্যানগাড়ির সঙ্গে ঘষা লাগাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। পরে দুই গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে শনিবার সকালে জড়ো হওয়ার কথা জানান। পুলিশ ভোর থেকেই ঘটনাস্থলে ছিল। এর মধ্যে হঠাৎ সংঘর্ষ শুরু হলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!