টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে মৎস্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন।
উৎসবকে ঘিরে সকাল থেকেই ব্যারেজ চত্বরে মৎস্যজীবী ও স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বাড়িয়ে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সরকার কাজ করছে। টাঙ্গন ব্যারেজের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কৃষির সঙ্গে মৎস্য খাতের উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহেবুল্লাহ আবু নূর, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা টাঙ্গন ব্যারেজ এলাকা পরিদর্শন করেন।