লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ, তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে তার প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টার প্রতিবাদে ভোলার লালমোহন উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম লালমোহন উপজেলা শাখার উদ্যোগে লালমোহন প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবু জাফর মাইনুদ্দিন, সহ-সভাপতি মাওলানা সফিউল্যাহ, লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ।
কর্মসূচির সঞ্চালনা করেন সংগঠনটির লালমোহন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মো. নেছার উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ৪ঠা নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারি, নবম পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, এ কর্মসূচির প্রেক্ষাপটে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. সামিউল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে শিক্ষকদের হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী একটি প্রতিবাদী পোস্ট দেন। আশ্চর্যজনকভাবে, ওই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাত ১১টা ২২ মিনিটে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হয়।
তারা আরও বলেন, এর আগে ১৫ থেকে ২৮ অক্টোবর মাত্র ১৫ দিনের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক এবং মাদরাসা শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককে দিয়ে তার প্রতিষ্ঠান পরিদর্শন করানো হয়েছে। এসব ঘটনার সময়কাল, ধারাবাহিকতা ও অস্বাভাবিক দ্রুততা বিবেচনায় তাদের আশঙ্কা, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে ব্যক্তিগতভাবে হয়রানি এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির পক্ষে তার প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সময় বক্তারা এ ধরনের হয়রানিমূলক পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অবিলম্বে তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধ এবং ৪ঠা নভেম্বরের পূর্বঘোষিত কর্মসূচি বানচালের যেকোনো অপচেষ্টা বন্ধের জোর দাবি জানান।
পাশাপাশি আগামী ৪ঠা নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে দেশের সব শিক্ষক-কর্মচারীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।