ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রাজাপুর-কাঁঠালিয়ায় এইচএসসির ফল বিপর্যয়, এমপির উদ্বেগ
ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। শিক্ষার মানের অবনতির কারণ খুঁজে বের করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিকে দায়িত্ব পালনে আরও সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
শনিবার প্রকাশিত পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেওয়া এক সতর্কীকরণ গণবিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাঁঠালিয়া উপজেলার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৬ জন। পাসের হার ৬২ দশমিক ১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন একজন। আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজে ২৩১ জনের মধ্যে পাস করেছেন ১১৭ জন। পাসের হার ৫০ দশমিক ৬৫ শতাংশ। তোফাজ্জল হোসেন মানিক মিয়া সরকারি কলেজে ২২৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১০ জন। পাসের হার ৪৯ শতাংশ। এ কলেজেও একজন জিপিএ-৫ পেয়েছেন। পশ্চিম ছিটকী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১২ জন।
অন্যদিকে, রাজাপুর উপজেলার আলহাজ লালমোন হামিদ মহিলা ডিগ্রি কলেজে ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১২১ জন। পাসের হার ৫৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। বড়ইয়া ডিগ্রি কলেজে ২৮৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৯ জন। পাসের হার ২৭ শতাংশ। রাজাপুর সরকারি কলেজে ১৬৪ জনের মধ্যে পাস করেছেন ৪২ জন, পাসের হার ২৫ শতাংশ। আর আব্দুল মালেক ডিগ্রি কলেজে ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ১৮ জন। পাসের হার ১৯ শতাংশ।
ফলাফলের এই চিত্রকে উচ্চ মাধ্যমিক শিক্ষার নাজুক অবস্থার প্রতিফলন উল্লেখ করে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, শিক্ষার্থীরা কেন পিছিয়ে পড়ছে, তা খুঁজে বের করা জরুরি। এ ব্যর্থতার দায় শিক্ষক, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অভিভাবক সমাজ কেউ এড়াতে পারেন না।
তিনি আরও বলেন, নিয়মিত ক্লাস না হওয়া, যথাযথ তদারকির ঘাটতি এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে শিক্ষার্থীদের এমন ফল হয়েছে। শিক্ষার পরিবেশ ও মান বজায় রাখার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফল বিপর্যয়ের প্রকৃত কারণ চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়নে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেন সংসদ সদস্য।
এদিকে প্রতিকূলতার মধ্যেও জিপিএ-৫সহ ভালো ফল করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন রফিকুল ইসলাম জামাল। কাঁঠালিয়ার কলেজগুলোর মধ্যে মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের ফল তুলনামূলক ভালো হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক, গভর্নিং বডি ও অভিভাবকদের ধন্যবাদ জানান তিনি। পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে ভুলত্রুটি সংশোধন করে নতুন উদ্যমে ভবিষ্যতের প্রস্তুতি নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।