ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মদনে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ২

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ২ নভেম্বর ২০২৬
মদনে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার মদনে থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. গোলাপ মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীরপুর মিতালী রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাপ মিয়া ওই এলাকার ভাড়াটিয়া বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমানসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ৬৯ পুরিয়া গাঁজা, যার ওজন ৪৪০ গ্রাম এবং পলিথিনে মোড়ানো আরও ৬০ গ্রামসহ মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। এ সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ৭ হাজার টাকাও জব্দ করা হয়।

এ ঘটনায় এনামুল হক ও বজলু মিয়া নামে আরও দুজন পালিয়ে যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় এবং পলাতক দুজনের বিরুদ্ধে একই আইনের ৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা
ট্যাগ: মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!