ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নবগ্রামে চেয়ারম্যান প্রার্থী-যুবদল নেতা আনিচুর রহমান পান্নু

দুঃসময়ে কর্মীদের পাশে, সুসময়ে জনতার আস্থা
আতিকুর রহমান, ঝালকাঠি ॥
প্রকাশিত: ১৭:৪৭, ৩ নভেম্বর ২০২৬
নবগ্রামে চেয়ারম্যান প্রার্থী-যুবদল নেতা আনিচুর রহমান পান্নু
যুবদল নেতা খান আনিচুর রহমান পান্নু।

রাজনীতিতে সুসময় ও দুঃসময়—দুই সময়েই মানুষের পাশে থাকার মধ্য দিয়ে একজন নেতার প্রকৃত পরিচয় ফুটে ওঠে। দলের কঠিন সময়ে নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া, বিপদে পাশে দাঁড়ানো এবং প্রতিকূল পরিস্থিতিতেও দলীয় আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকা—এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে ৩নং নবগ্রাম ইউনিয়নে কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন যুবদল নেতা খান আনিচুর রহমান পান্নু।


বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা, জুলুম-নির্যাতন ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও তাদের পাশে থাকার চেষ্টা করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। দুঃসময়ে যখন অনেকেই রাজনৈতিক প্রতিকূলতার কারণে প্রকাশ্যে আসতে সাহস পাননি, তখনও দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া ও তাদের মনোবল ধরে রাখতে ভূমিকা রেখেছেন  জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিচুর রহমান পান্নু।


স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে, ৫আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে অনেকেই মাঠে সক্রিয় হয়েছেন। তবে দুঃসময়ে কারা নেতাকর্মীদের পাশে ছিলেন, আর কারা সুসময়ে সামনে এসেছেন—এ বিষয়টিও এখন স্থানীয় রাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে।


দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং দুঃসময়ে পাশে থাকার অভিজ্ঞতাকে সামনে রেখে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে খান আনিচুর রহমান পান্নুকে দেখতে চান তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা । তাঁদের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার, এলাকার উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখবেন।


দলীয় প্রতিকূলতা পেরিয়ে আজও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা হাতে নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন পান্নু। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।


রাজনীতিতে পদ-পদবি কিংবা নির্বাচনী আকাঙ্ক্ষার চেয়েও মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন বড় বিষয়। সেই আস্থা ধরে রাখতে হলে জনগণের পাশে থাকা, তাদের কথা শোনা এবং বাস্তবসম্মত উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।


নবগ্রাম ইউনিয়নের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে কে হবেন জনগণের পছন্দের প্রতিনিধি, তা নির্ধারণ করবে ভোটাররাই। তবে দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার রাজনৈতিক ভূমিকার কারণে খান আনিচুর রহমান পান্নু ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক আলোচনায় একটি পরিচিত নাম হয়ে উঠেছেন।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!