লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে সভা ও দোয়া
নড়াইলের লোহাগড়ায় প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ কাশিপুর অম্বিকাচরণ (এসি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুর রহিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক এস এম ছায়েফুর রহমান। প্রাক্তন শিক্ষার্থী মো. শিমুল মোল্যা ও মো. হুমায়ুন কবির অনুষ্ঠান সঞ্চালনা করেন।
স্মরণসভায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের কর্মময় জীবন ও অবদানের কথা তুলে ধরে বক্তব্য দেন নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারা হোসেন, প্রাক্তন শিক্ষার্থী ও বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, বিসিএস শিক্ষা কর্মকর্তা প্রদীপ চক্রবর্তী ও পরিতোষ কুমার হোডসহ অন্যরা।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তামান্না খানম, ব্যাংকার শাহারিয়ার সবুজ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম, চিকিৎসক ফারজানা আক্তার বিথী, সুশান্ত কুমার ঘোষ, শিক্ষক মো. শাহিনুর রহমান, মো. জাকির হোসেন, শাহ আলমগীর, মো. আমিনুল হক, মো. রকিবুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, ইকরাম শিকদার, আবু ছালে মুছা, মো. শওকত শেখ ও মুন্সী আরাফাত হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, আদর্শ শিক্ষকের মৃত্যু হয় না। সততা, দক্ষতা, দেশপ্রেম, ত্যাগ ও নৈতিকতার মাধ্যমে একজন শিক্ষক শিক্ষার্থীদের হৃদয়ে বেঁচে থাকেন। প্রয়াত শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের স্বপ্ন দেখাননি, সেই স্বপ্ন পূরণের সঠিক পথও দেখিয়েছেন। তাদের শিক্ষা ও মানবিক কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সভাপতি মো. আব্দুর রহিম শেখ বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের পিতৃতুল্য অভিভাবক। একজন আদর্শ শিক্ষকের যেসব গুণ থাকা প্রয়োজন, প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ বিদ্যালয়ের অন্য প্রয়াত শিক্ষক-কর্মচারীদের মধ্যে সেসব গুণ ছিল। তাদের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাদের মহৎ কর্মের মধ্য দিয়ে তারা মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে ভবিষ্যতেও দোয়া মাহফিল অব্যাহত রাখার কথা জানান তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রয়াত শিক্ষক-কর্মচারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবু মুছা।