ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিক্ষা সফরে যাওয়ার পথে সাতকানিয়ায় বাস খাদে পড়ে নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৭, ৭ নভেম্বর ২০২৬
শিক্ষা সফরে যাওয়ার পথে সাতকানিয়ায় বাস খাদে পড়ে নিহত ২
কক্সবাজার শিক্ষা সফরে যাওয়ার পথে সাতকানিয়ায় বাস খাদে পড়ে শিক্ষিকাসহ নিহত ২

কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মহাসড়কের পাশের ডোবায় পড়ে এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা আহত হয়েছেন। 

৭ নভেম্বর, শনিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদরাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।

মাদরাসা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী দুটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। শনিবার ভোরে বাস দুটি কেরানীহাট এলাকায় পৌঁছালে পেছনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়। খবর পেয়ে সামনের বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যান।

পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয়রা। 

মাদরাসার আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, তারা দুটি বাসে শিক্ষা সফরে যাচ্ছিলেন। তাদের বাসটি আগে ছিল। পেছনের বাসটি দুর্ঘটনার কবলে পড়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং উদ্ধারকাজে সহযোগিতা করেন।

মাদরাসার সহকারী শিক্ষক আবদুর রহিম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডোবায় পড়ে যায়। নিহত দুজন বাসের সামনের আসনে ছিলেন। পানিতে ডুবে শ্বাস নিতে না পেরে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ রাশেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। নিহত দুজনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!