জামিন পাওয়ার পরদিন কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
আদালতে জামিন পেয়েছিলেন রোববার, সোমবার তার কারাগার থেকে মুক্ত হওয়ার কথা ছিল। তার আগেই মৃত্যু হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রনজিত ঘোষের।
পরিবারের অভিযোগ, অসুস্থতার কথা জানানো হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেনি কারা কর্তৃপক্ষ। তবে কারা কর্তৃপক্ষের দাবি, অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী থাকা রনজিত ঘোষের জামিন মঞ্জুর হয় রোববার। সোমবার দুপুরে কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা ছিল। এর আগেই সকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রনজিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা। তিনি চৌদ্দশত ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের চারবারের সদস্য ছিলেন। পাশাপাশি চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনজিত ঘোষের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি চলতি বছরের জুনে এবং অপরটি আগস্টে করা হয়।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কিশোরগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনজিত ঘোষ। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টা ৩০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
রনজিত ঘোষের ছেলে খোকন ঘোষ অভিযোগ করেন, তার বাবা বার্ধক্যজনিত কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। চলতি বছরের ২১ আগস্ট রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। বাবার অসুস্থতার বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এমনকি চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও পাঠানো হয়েছিল।
কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর জেল সুপার জাহানারা বেগম রনজিত ঘোষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েক মাস ধরে রনজিত কুমার ঘোষ কারাগারে বন্দী ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং কারাগারের হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সকালে অসুস্থতার মাত্রা বেড়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারাগারে চিকিৎসায় অবহেলার অভিযোগটি অস্বীকার করেন তিনি।
রনজিত ঘোষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, চলতি বছরের ২১ আগস্টের পর থেকে রনজিত ঘোষ কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে দুটি মামলা ছিল। এর একটিতে তিনি এজাহারভুক্ত আসামি। রোববার তার জামিন মঞ্জুর হয়েছিল। সোমবার দুপুরেই কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা ছিল।