পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। ইলিশটি স্থানীয় আড়তে উন্মুক্ত নিলামে বিক্রির পর অনলাইনে ক্রেতা খুঁজে কক্সবাজারের সেন্টমার্টিনের এক ব্যবসায়ীর কাছে বিক্রি হয়েছে ১৪ হাজার ৫২০ টাকায়। বড় আকারের ইলিশটি দেখতে ঘাট এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার জেলে হারুন অর রশিদ পদ্মা নদী থেকে ধরা ইলিশটি বিক্রির জন্য ঘাটে নিয়ে আসেন। দীর্ঘদিন পর এত বড় আকারের ইলিশ দেখতে পেয়ে স্থানীয় জেলে, ব্যবসায়ীসহ উৎসুক মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। পরে দৌলতদিয়া ঘাটের দেলোয়ারের মাছের আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে ইলিশটি বিক্রি করা হয়।
দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, সকালে দেলোয়ারের আড়তে নিলামে অংশ নিয়ে তিনি ৬ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৮০ টাকায় ইলিশটি কেনেন। পরে মাছটি বিক্রির জন্য অনলাইন যোগাযোগমাধ্যম, ভিডিও কল ও মুঠোফোনের সাহায্যে দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে কক্সবাজারের সেন্টমার্টিনের এক ব্যবসায়ী মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। পরে ৬ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৫২০ টাকায় তাঁর কাছে মাছটি বিক্রি করেন।
তিনি আরও জানান, বর্তমানে বড় আকারের পদ্মার ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। অনলাইন যোগাযোগমাধ্যমের কারণে দেশের এক প্রান্তের মাছ অন্য প্রান্তের ক্রেতার কাছে সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এতে মাছের বাজার সম্প্রসারণের পাশাপাশি ব্যবসায়ীরাও ভালো দাম পাচ্ছেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর ইলিশের স্বাদ ও গুণগত মানের জন্য দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকারের ইলিশ সাধারণত ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে। ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকা জরুরি। জেলে ও মৎস্যজীবীরা এসব নিয়ম মেনে চললে নদীতে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং তাঁরা অর্থনৈতিকভাবেও লাভবান হবেন।
স্থানীয় একাধিক মাছ ব্যবসায়ী জানান, দৌলতদিয়ার পদ্মার ইলিশের চাহিদা বরাবরই বেশি। বিশেষ করে বড় আকারের ইলিশ বাজারে উঠলে ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। বর্তমানে অনলাইন যোগাযোগমাধ্যমের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল এমনকি দূরবর্তী এলাকার ক্রেতারাও দৌলতদিয়ার মাছ কেনার আগ্রহ দেখাচ্ছেন।