আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দলটির প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়টি গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস নতুন কিছু নয়। দলটির জন্মলগ্ন থেকেই গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে দলটির কিছু নেতাকর্মী কর্মসূচি পালন করতে পারে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শুধু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নয়, দলটির প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে। ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ, সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের কথা উল্লেখ রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষ এ বিষয়ে তৎপর রয়েছেন। পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো সন্ত্রাসী সংগঠন ও তাদের সদস্যদের গ্রেফতারে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
রাতের অন্ধকারে অল্পসংখ্যক লোক বিভিন্ন স্থানে স্লোগান দেওয়া, যানবাহন রেখে যাওয়া কিংবা ছোটখাটো অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার মাধ্যমে বারবার অগ্নিসন্ত্রাসের বিষয়টি সামনে আসছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অগ্নিসন্ত্রাসের মূল হোতা হিসেবে যাকে তিনি উল্লেখ করেছেন, সেই পলাতক ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এ বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমানে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই।