ঐতিহ্য বাঁচাতে মাটির সঙ্গে লড়াই ২০ পরিবারের
আধুনিকতার প্রভাবে মানুষের জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন। একসময় গ্রামবাংলার প্রতিটি ঘরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে ব্যবহৃত হতো মাটির হাঁড়ি-পাতিল, কলসি, থালা-বাটি। পাশাপাশি মাটি দিয়ে তৈরি পুতুল, ঘোড়া, গরু, হাতি, ময়ূরসহ নানা ধরনের খেলনা ও শৌখিন সামগ্রী ছিল শিশুদের আনন্দের অনুষঙ্গ। সময়ের পরিবর্তনে এসব পণ্যের জায়গা দখল করেছে প্লাস্টিক ও মেলামাইনের সামগ্রী। ফলে সংকুচিত হয়ে পড়েছে ঐতিহ্যবাহী মৃৎশিল্পের বাজার।
তবে নানা প্রতিকূলতার মধ্যেও বাপ-দাদার পেশা আঁকড়ে ধরে রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার অন্তত ২০টি পরিবারের সদস্যরা। উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন ও সিঙ্গার এলাকার এসব পরিবার মাটির তৈরি বিভিন্ন সামগ্রী উৎপাদন ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। হাটবাজার থেকে শুরু করে গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে পণ্য বিক্রি করেই চলে তাদের সংসার।
মৃৎশিল্পের সঙ্গে জড়িত কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় গ্রামবাংলার প্রতিটি ঘরেই ছিল মাটির তৈরি সামগ্রীর ব্যবহার। রান্নার কাজে হাঁড়ি-পাতিল, পানি সংরক্ষণে কলসি এবং খাবার পরিবেশনে থালা-বাটি ছিল অপরিহার্য। কিন্তু আধুনিক জীবনযাত্রার সঙ্গে পাল্লা দিয়ে প্লাস্টিক ও মেলামাইনের পণ্যের ব্যবহার বাড়ায় মাটির সামগ্রীর চাহিদা কমেছে। তারপরও ঐতিহ্যবাহী এ শিল্পকে বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন তারা।
সরেজমিনে দরুইন ও সিঙ্গার এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকেই কারিগররা বাড়ির উঠানে কিংবা খোলা জায়গায় বসে মাটির বিভিন্ন সামগ্রী তৈরি করছেন। কেউ বানাচ্ছেন পুতুল, ঘোড়া, গরু, হাতি, ময়ূর ও মাছের আকৃতির খেলনা, আবার কেউ তৈরি করছেন হাঁড়ি, পাতিল, খোড়া, থালা ও অন্যান্য ব্যবহার্য সামগ্রী। তৈরির পর রং ও তুলির আঁচড়ে সেগুলোকে আকর্ষণীয় করে তোলা হচ্ছে। পরে এসব পণ্য নিয়ে হাটবাজার ও গ্রামাঞ্চলে বিক্রির জন্য বের হন কারিগররা।
কারিগর জীবন পাল বলেন, দীর্ঘদিন ধরে বাপ-দাদার পেশা আঁকড়ে ধরে বেঁচে আছেন তারা। মূলত মেলাকে কেন্দ্র করেই তাদের ব্যবসা পরিচালিত হয়। কিন্তু কয়েক বছর ধরে মেলা কমে যাওয়া এবং সর্বত্র প্লাস্টিকের সামগ্রীর বিস্তারে মাটির পণ্যের কদর কমেছে। তারপরও জীবিকার তাগিদে পণ্য তৈরি করে হাটবাজার ও গ্রামে ঘুরে বিক্রি করছেন। প্রতিদিন গড়ে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকার পণ্য বিক্রি হয়।
রাখাল দাস বলেন, এটি তাদের বংশপরম্পরার পেশা। অন্য কোনো কাজের অভিজ্ঞতা না থাকায় প্রায় ২৫ বছর ধরে এ পেশায় রয়েছেন। বর্তমানে মৃৎশিল্পের বড় চ্যালেঞ্জ প্লাস্টিক ও মেলামাইনের পণ্যের সঙ্গে প্রতিযোগিতা। এসব পণ্য সহজলভ্য ও দীর্ঘস্থায়ী হওয়ায় ক্রেতারা সেদিকে বেশি ঝুঁকছেন। অন্যদিকে মাটির পণ্যের কাঁচামাল, শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বাড়ছে।
তিনি আরও বলেন, মাটির পণ্যের চাহিদা একেবারে শেষ হয়ে যায়নি। ঘর সাজানো, বাগান করা, বিভিন্ন অনুষ্ঠান ও শৌখিন ব্যবহারের জন্য এখনো এসব পণ্যের বাজার রয়েছে। বিশেষ করে নান্দনিক নকশার ফুলের টব, কলসি ও অন্যান্য শৌখিন সামগ্রীর চাহিদা থাকায় সারা বছরই তারা এসব পণ্য তৈরি ও বিক্রি করছেন।
কারিগর নরেশ চন্দ্র পাল বলেন, একসময় সংসারের প্রায় সব কাজেই মাটির তৈরি সামগ্রী ব্যবহার করা হতো। কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে মানুষের রুচি ও চাহিদাও বদলে গেছে। এখন অধিকাংশ মানুষ প্লাস্টিকের পণ্যের ওপর নির্ভরশীল। তারপরও কিছু শৌখিন মানুষ মাটির তৈরি সামগ্রী কিনছেন। তাদের আগ্রহেই কোনোভাবে টিকে আছে এ শিল্প।
গৃহিণী রানী দাস বলেন, মাটির পণ্যে নকশা ফুটিয়ে তুলতে কোনো যন্ত্রের প্রয়োজন হয় না। সম্পূর্ণ হাতের কারুকাজে প্রতিটি পণ্য তৈরি করা হয়। প্রথমে মাটি সংগ্রহ করে তা ব্যবহারের উপযোগী করা হয়। এরপর চাকায় ঘুরিয়ে পাত্র তৈরি, শুকানো ও পোড়ানোর কাজ সম্পন্ন করা হয়। সবশেষে রং ও নকশা করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মাটির সঙ্গে তাদের এই পথচলা শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়, বাঙালির প্রাচীন ঐতিহ্য ধরে রাখারও চেষ্টা। সরকারি সহযোগিতা পেলে এ শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
আখাউড়া উপজেলা সচেতন নাগরিক উন্নয়ন কমিটির সহসভাপতি আলহাজ মুসলেহ উদ্দিন ভূইয়া বলেন, আখাউড়ায় ঐতিহ্যবাহী অনেক শিল্পের মধ্যে মৃৎশিল্প অন্যতম। একসময় এ শিল্পের ব্যাপক পরিচিতি ও কদর ছিল। কিন্তু নানা কারণে এ পেশার সঙ্গে জড়িতরা পিছিয়ে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ না নিলে একসময় এ শিল্প বিলুপ্ত হয়ে যেতে পারে।