ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খেলনা পিস্তলেই ডাকাতি, ধরা পড়ার পর গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ১১ নভেম্বর ২০২৬
খেলনা পিস্তলেই ডাকাতি, ধরা পড়ার পর গণপিটুনিতে প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটির রাজস্থলীতে খেলনা পিস্তলকে আসল অস্ত্রের মতো প্রদর্শন করে চার্চের পরিচালকের স্ত্রীর কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক এক যুবক গণপিটুনিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লুটের ঘটনায় জড়িত অন্য তিনজন পালিয়ে গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই যুবকের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ায় অবস্থিত ব্যাপ্টিস্ট চার্চ হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার স্ত্রী হেনা ত্রিপুরার ওপর চড়াও হয় চার যুবক। এ সময় তারা খেলনা পিস্তল দেখিয়ে তাঁর কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে যুবকদের ধাওয়া করেন। একপর্যায়ে মো. রফিক (২৫) নামে একজনকে আটক করেন তাঁরা। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। তবে নগদ ২ লাখ টাকা ও অন্য একটি আংটি নিয়ে পালিয়ে যায় বাকি তিনজন।

স্থানীয়দের মারধরে রফিক গুরুতর আহত হন। পরে সন্ধ্যা ৭টার দিকে তাঁকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাঁকে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রফিক বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার মুন্সিপাড়ার বাসিন্দা। তিনি মৃত আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় পলাতক অভিযুক্ত মো. আকাশ (২৪) একই ইউনিয়নের শফিপুর এলাকার মোহাম্মদ আলী করিমের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাঁর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় করা একটি চুরির মামলায় আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, চারজনের একটি দল চার্চে লুটের ঘটনা ঘটায়। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এর আগেই জনতার মারধরে তিনি গুরুতর আহত হয়েছিলেন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুটি স্বর্ণের আংটি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। অন্য তিনজন নগদ ২ লাখ টাকাসহ পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় লুটের অভিযোগের পাশাপাশি গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর বিষয়টিও সামনে এসেছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিণতি নিয়ে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম/এমকে
ট্যাগ: Chittagong
লিংক সফলভাবে কপি হয়েছে!