ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মহাসড়কে প্রাণ গেল পল্লী চিকিৎসক ও মোটরসাইকেল আরোহীর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ১১ নভেম্বর ২০২৬
মহাসড়কে প্রাণ গেল পল্লী চিকিৎসক ও মোটরসাইকেল আরোহীর
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন বাবুল দে (৬৫)। তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা এবং ডুলাহাজারা স্টেশনে ওষুধের দোকান পরিচালনা করতেন। অপর নিহত মহিউদ্দিন খালেদ রনি (৪১) খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ওষুধের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল দে। একই সময়ে তার ছেলে রনি দে অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় বাবাকে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন রনি। বাবুল দের কোমর থেকে নিচের অংশ থেঁতলানো ছিল।

পরে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী কোনো বাস বা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে।

অন্যদিকে, রাত ১টার দিকে খুটাখালী স্টেশনে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মহিউদ্দিন খালেদ রনি নিহত হন। এ ঘটনায় আবু বক্কর নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, মহিউদ্দিন খুটাখালী স্টেশনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি হঠাৎ ব্রেক করলে দুটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে মহিউদ্দিন ও আবু বক্কর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত আবু বক্করকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই সেলিম মিয়া আরও জানান, বাবুল দের মৃত্যুর ঘটনায় কোনো বাস বা ট্রাকের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য দুর্ঘটনায় জড়িত সৌদিয়া পরিবহনের বাস ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুই ঘটনায় নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!