ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, দুই দিন ধরে শূন্যরেখায় নারী

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ১১ নভেম্বর ২০২৬
বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, দুই দিন ধরে শূন্যরেখায় নারী
দেওয়ানগঞ্জ পাথরেরচর সীমান্ত শূন্য রেখা এলাকায় নারী। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর সীমান্তে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর থেকে দুই দিন ধরে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন ওই নারী।

মঙ্গলবার ও বুধবার (১০ ও ১১ নভেম্বর) প্রচণ্ড রোদ ও রাতের ঠান্ডার মধ্যে শূন্যরেখায় ওই নারীকে অবস্থান করতে দেখা গেছে। এ সময় তিনি কয়েকবার বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় তা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পাথরেরচর সীমান্তের ১০৭৬ নম্বর পিলার এলাকায় প্রায় ৩০ বছর বয়সী ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তাদের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।

মঙ্গলবার দিনভর সেখানেই অবস্থান করেন তিনি। বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার অবস্থান পরিবর্তনের খবর পাওয়া যায়নি।

জামালপুর ৩৫ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মুশফিক জানান, মঙ্গলবার সকাল থেকে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/দেওয়ান/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!