ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রূপগঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৯০০ দরিদ্র রোগী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ১৪ নভেম্বর ২০২৬
রূপগঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৯০০ দরিদ্র রোগী
অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা। ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ৯০০ দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরি ও আল-রাফি হসপিটাল লিমিটেডের যৌথ উদ্যোগে দিনব্যাপী চক্ষু শিবিরে এ সেবা দেওয়া হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল এলাকায় আল-রাফি হসপিটাল লিমিটেড প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চক্ষু শিবিরে প্রায় ৯০০ রোগীর চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেন চিকিৎসকেরা। পাশাপাশি নির্বাচিত রোগীদের চোখের অস্ত্রোপচার, লেন্স সংযোজন, প্রয়োজনীয় ওষুধ ও যাতায়াত খরচ বিনামূল্যে বহনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগী ও তাদের স্বজনেরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ১ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম, ক্যাম্প চেয়ারপারসন আলহাজ মোজাম্মেল হক ভূঁইয়া, সাবেক জেলা গভর্নর লায়ন এ কে এম গোলাম ফারুক, প্রথম ভাইস জেলা গভর্নর ডা. আবুল হোসেন খন্দকার, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকুয়া, লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির প্রেসিডেন্ট লায়ন মীর আবদুল আলিম, আল-রাফি হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আব্দুল মতিন, ডিএমডি রুহুল আমিন, লায়ন সাইফুল ইসলাম, ফরিদুল হক ও মো. জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকুয়া বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য। সবার সহযোগিতা পেলে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।

ক্যাম্প চেয়ারপারসন আলহাজ মোজাম্মেল হক ভূঁইয়া বলেন, অর্থাভাবে কোনো মানুষ যেন দৃষ্টিশক্তি হারিয়ে অসহায় জীবনযাপনে বাধ্য না হন, সেটিই তাদের লক্ষ্য। দরিদ্র মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া শুধু সেবা নয়, মানবিক দায়িত্বও।

লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির প্রেসিডেন্ট লায়ন মীর আবদুল আলিম বলেন, চক্ষুচিকিৎসার অভাবে কেউ যেন দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এ আয়োজন। রূপগঞ্জে একটি লায়ন চক্ষু হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ সহজে চক্ষুসেবা পাবেন।

আয়োজকেরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/নারায়ণগঞ্জ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!