ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশের পর আখাউড়া স্টেশনের অন্ধকার প্ল্যাটফর্মে জ্বলল বাতি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের একাংশ দীর্ঘদিন অন্ধকারে পড়ে থাকার বিষয়টি নিয়ে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশের পর অবশেষে টনক নড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সংবাদ প্রকাশের পর দ্রুত উদ্যোগ নিয়ে অন্ধকারে থাকা প্ল্যাটফর্মের ওই অংশে নতুন করে বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়। এতে স্বস্তি ফিরেছে ট্রেনযাত্রীদের মধ্যে।
এর আগে প্রায় ২০ দিন ধরে ১ নম্বর প্ল্যাটফর্মের অর্ধেকের বেশি অংশে বৈদ্যুতিক তারের ত্রুটির কারণে কোনো বাতি জ্বলছিল না। সন্ধ্যা হলেই ওই অংশ অন্ধকারে ডুবে থাকত। এতে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের চলাচলে ভোগান্তি পোহাতে হয়েছে।
অন্ধকারের সুযোগে যাত্রীদের মালামাল ও মুঠোফোন চুরির অভিযোগও ওঠে। এ পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগের চিত্র তুলে ধরে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশ করা হয়। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্ল্যাটফর্মের অন্ধকার অংশে বাতি স্থাপনের উদ্যোগ নেয়।
স্টেশন সূত্রে জানা যায়, আখাউড়া রেলওয়ে জংশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগকেন্দ্র। এ স্টেশনে ঢাকা-চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী ও ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ২৪টি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। পাশাপাশি মেইল ও লোকাল ট্রেনও এখানে থামে। প্রতিদিন এসব ট্রেনে কয়েক হাজার যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।
প্ল্যাটফর্মে নতুন করে বাতি স্থাপন করায় যাত্রী ও স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে স্টেশনের সার্বিক নিরাপত্তা ও যাত্রীসেবার মান বজায় রাখতে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
ট্রেনযাত্রী মো. সাইফুল আলম বলেন, দিনের বেলায় স্টেশনে তেমন সমস্যা হয় না। কিন্তু সন্ধ্যার পর ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামলে বিদ্যুৎ লাইনের সমস্যার কারণে একাংশে বাতি জ্বলত না। তখন ওই জায়গায় চলাচল করতে ভয় লাগত। কর্তৃপক্ষ বাতির ব্যবস্থা করায় তিনি স্বস্তি পেয়েছেন।
আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী বলেন, ১ নম্বর প্ল্যাটফর্মের একাংশে বৈদ্যুতিক তারের সমস্যার কারণে কয়েক দিন বাতি বন্ধ ছিল। বিষয়টি মেরামতের জন্য রেলওয়ের বিদ্যুৎ বিভাগকে জানানো হলে দ্রুত সমস্যার সমাধান করা হয়।