ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৪
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৪ জন ডেঙ্গু রোগী।
প্রতিদিনের মতো শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৯৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৭৫৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
.png)
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ২২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫২ হাজার ৬৫৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫৭ হাজার ৫৬৮ জন। আর চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫২৮ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৭৬২ জন। ঢাকায় ৪৮ হাজার ৫১০ এবং ঢাকার বাইরে ৫৩ হাজার ২৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।