ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে একদিনে রেকর্ড মৃত্যু, হাসপাতালে ১২২১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫২, ২৯ সেপ্টেম্বর ২০২৪
ডেঙ্গুতে একদিনে রেকর্ড মৃত্যু, হাসপাতালে ১২২১
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। একইসঙ্গে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১২২১ জন। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬৭, ঢাকা উত্তর সিটিতে ২০৬, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৮, খুলনা বিভাগে ১৩৪ জন রয়েছেন।

Advertisement

এছাড়া রাজশাহী বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ২৮ নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে সিলেট বিভাগে কোনো রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানানো হয়নি।

এদিকে, গত একদিনে সারাদেশে ১০৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৩১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৯ হাজার ৭৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫৮ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর ৯২৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর শনিবার (২৮ সেপ্টেম্বর) তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়। রোববারের আগে যা ছিল চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!