ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩১৬
দেশে ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত বেড়ে দাঁড়াল ৫৪৮ জনে। মোট আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৫০৪ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মৃত ৩ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার একজন রয়েছেন। বাকি দু’জন বরিশাল ও খুলনা বিভাগের বাসিন্দা।
.png)
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬৩ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, বরিশাল বিভাগে ৪০ জন, ঢাকা বিভাগে ৩৯, খুলনা বিভাগে ১৪, রাজশাহী বিভাগে ১১, ময়মনসিংহ বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৪৮ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৫০৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ২৩১ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১০১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৮ জন ছাড়াও রংপুর বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।