ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ

একদিনে হাসপাতালে ভর্তি ৩৭৩ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫০, ১৫ ডিসেম্বর ২০২৪
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ
হাসপাতালে ডেঙ্গু রোগীদের চাপ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৩ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ৩৭৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে- বরিশাল বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৭২ জন, দক্ষিণ সিটিতে ৫২ জন, খুলনা বিভাগে ৪৪ জন, ময়মনসিংহে ১৫ জন, রাজশাহী বিভাগে ২০ জন, রংপুরে ২ জন এবং সিলেটে ১ জন রোগী রয়েছেন।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯৮ হাজার ৮৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৫৪৮ জন, যার মধ্যে ৫১ দশমিক ৮০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ২০ শতাংশ পুরুষ।

২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছিল। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১০ হাজার ৮০৮ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ১১ হাজার ১৭১ জন চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন। গত বছর, ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জন মারা গেছেন, যা বাংলাদেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

২০১৯ সালে দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং প্রায় ৩০০ জন মারা যান। ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন এবং ১০৫ জন মারা যান। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ এবং মশাবাহিত রোগে ২৮১ জন মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!