ডেঙ্গুতে আরো একজনে মৃত্যু, হাসপাতালে ১০৭
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৯ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭ জন। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯৮৪ জনে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২, চট্টগ্রাম বিভাগে ২৫ ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০, ঢাকা উত্তর সিটিতে ২৩, ঢাকা দক্ষিণ সিটিতে ২১, খুলনা বিভাগে ৬, রাজশাহী বিভাগে ২, ময়মনসিংহে ৭ ও সিলেটে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
.png)
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ হাজার ৯৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। একই সময়ে ৫৪৯ জন মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।
২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।
এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ এক হাজার ৩৫৪ জন। ঐ সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ঐ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঐ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।