যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাক রফতানি বেড়েছে ১৮৮ কোটি ডলার
এক বছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ৬০ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। ডলারে এর পরিমাণ ১৮৮ কোটি ৭৯ লাখ ৮ হাজার।
সোমবার যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) এর ডেটা সূত্রে এ তথ্য জানা গেছে।
অটেক্সার তথ্য অনুসারে, ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি হয়েছে ৫০১ কোটি ৯০ লাখ ৭ হাজার ডলারের। ২০২১ সালের একই সময়ে পোশাক পণ্য রফতানি হয়েছিল ৩১৩ কোটি ১০ লাখ ৯ হাজার ডলারের। সেই হিসেবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালের একই সময়ে ১৮৮ কোটি ৭৯ লাখ ৮ হাজার ডলারের পোশাক বেশি রফতানি হয়েছে।
.png)
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, এই রফতানি আদেশগুলো এসেছিল চলতি বছরের মে মাসে। করোনা পরবর্তী সময়ে পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক বিদ্যুৎ জ্বালানি সংকটের কারণে বিশ্ব বাণিজ্য ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা বিশ্ববাজার নিয়ে কাজ করি, তাই আমাদের শিল্পও প্রভাবিত হয়েছে।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পোশাক রফতানি বৃদ্ধি আসলেই ভালো খবর। আমরা পণ্য তৈরি এবং বাজারের অতিরিক্ত ঘনত্ব, বিশেষ বাজারে অনুপস্থিতি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের উন্নতি ইত্যাদির মতো দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। খরচ কমিয়ে আমাদের দক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে প্রতিযোগিতামূলক থাকার চেষ্টা করছি।