ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সোনার দাম একদিনেই বাড়ল ৫১ ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৮, ৫ নভেম্বর ২০২২
সোনার দাম একদিনেই বাড়ল ৫১ ডলার
সোনা- ফাইল ফটো

বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান হয়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে একদিনেই প্রতি আউন্স সোনার দাম ৫১ ডলারের ওপরে বেড়েছে। এতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে দামি এ ধাতুটির দাম।

বিশ্ববাজারে সোনার লেনদেনের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শেষ কার্যদিবস সোনার দামে বড় উত্থান হয়। একদিনে প্রতি আউন্স সোনার দাম বাড়ে ৫১ দশমিক ৩৯ ডলার বা ৩ দশমিক ১৫ শতাংশ। 

আর এতেই প্রতি আউন্স সোনার দাম বেড়ে এক হাজার ৬৮০ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ বা ৩৬ ডলার।

Advertisement

বিশ্ববাজারে সোনার এ দাম বাড়ার আগে প্রায় একমাস ধরে দরপতন হয়। ফলে মাসের ব্যবধানে বিশ্ববাজারে এখনো সোনার দাম ২ দশমিক শূন্য ৬ শতাংশ কম রয়েছে। আর বছরের ব্যবধানে সোনার দাম কম আছে ৭ দশমিক ৫০ শতাংশ।

গত সপ্তাহের আগে বিশ্ববাজারে সোনার টানা দরপতন হওয়ার প্রেক্ষিতে ২৫ অক্টোবর থেকে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়। মান অনুযায়ী, প্রতি আউন্স সোনার দাম ৮১৭ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৮০ হাজার ১৩২ টাকা করা হয়েছে।

পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে ৭৬ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৫ হাজার ৫৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৮১৭ টাকা কমিয়ে ৫৪ হাজার ৩৫৪ টাকা করা হয়েছে।

এদিকে সোনার পাশাপাশি গত সপ্তাহে বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামেও বড় উত্থান হয়েছে। গত এক সপ্তাহে রুপার দাম ৮ দশমিক ৩৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২০ দশমিক ৮৩ ডলারে উঠে এসেছে। আর প্লাটিনামের দাম ১ দশমিক ৭৩ শতাংশ বেড়ে ৯৬০ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!