২০২২-২৩ অর্থবছরের ৭ মাসে ৯৬৭ কোটি ডলার বিক্রি
চলতি অর্থবছরে (২০২২-২৩) জরুরি পণ্য আমদানি ও বৈদেশিক মুদ্রাবাজার পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন ব্যাংকের কাছে ৯৬৭ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি বিক্রি করা হয়েছে মোট ৬ কোটি ৪০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৯২০ কোটি বা ৯ দশমিক ২ বিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করেছিল ৭৬২ কোটি ডলার।
এদিকে সুখবর দিচ্ছে রফতানি ও রেমিট্যান্স। চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত সাত মাসে তিন হাজার ২৪৫ কোটি ডলারের রফতানি আয় হয়েছে, প্রতি মাসে এসেছে গড়ে ৪৬৪ কোটি ডলার। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে গড়ে ৫২০ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে।
.png)
একই সময়ে বেড়েছে রেমিট্যান্স। জানুয়ারিতে প্রবাসী আয় এসেছে ১৯৬ কোটি ডলার। ডিসেম্বরে এটি ছিল প্রায় ১৭০ কোটি ডলার। আর ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে ৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
অন্যদিকে বিভিন্ন উদ্যোগের মধ্যে ডিসেম্বর পর্যন্ত ছয়মাসে আমদানি ব্যয় ২ দশমিক ১৫ শতাংশ কমে তিন হাজার ৮১৩ কোটি ডলারে নেমেছে।