ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আবারও কমলো ব্রয়লার মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৫, ২৬ মার্চ ২০২৩
আবারও কমলো ব্রয়লার মুরগির দাম
ছবি: সংগৃহীত

ধারাবাহিকভাবে বাড়ার পর আবার গত তিনদিনে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত কমেছে। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে ডিমের দামে। বাজারে গত তিনদিনে ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে।

রমজান শুরুর আগে থেকেই বাজারে ব্রয়লার মুরগির দাম হু হু করে কয়েক দফায় বেড়ে যায়। 

রোববার (২৬ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২২০-২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা রোজা শুরুর আগের দিন ৩০০ টাকা ছুঁই ছুঁই করছিল। পোলট্রি খাতের শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম ১৯০-১৯৫ টাকা কেজি নির্ধারণের পরই বাজারে ভোক্তা পর্যায়ে দাম কমতে শুরু করে।

Advertisement

একইদিন বাজারে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। পাড়া-মহল্লার মুদি দোকানে ডিমের হালি এখন ৪৭-৪৮ টাকা। কোথাও ৫০ টাকাও রাখা হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, মুরগির দাম নির্ধারিত করে দিয়েছে সরকার। ফলে এর থেকে বেশি বিক্রির কোনো সুযোগ নেই। তবে ডিমের কোনো নির্ধারিত দাম নেই। সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে।

কারওয়ান বাজারের ডিম ব্যবসায়ী জামাল হোসেন বলেন, হুট করে ডিমের দাম বেড়ে গেল। প্রতিদিন ডজনে ৫ টাকা করে বাড়তি দিয়ে ডিম কিনতে হচ্ছে। কোম্পানিগুলোর উচিত ব্রয়লার মুরগির মতো ডিমের দামও নির্ধারণ করে দেওয়া।

পাড়া-মহল্লার মুদি দোকান থেকে ডিম কিনতে আরো কয়েক টাকা বাড়তি গুনতে হচ্ছে। খুচরা দোকানে ডিমের হালি ৪৭-৪৮ টাকা, কোথাও ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ফার্মের মুরগির সাদা ডিম একটু কমে, প্রতি হালির দাম রাখা হচ্ছে ৪৫ টাকা। অন্যদিকে বাজারভেদে হাঁসের ডিমের হালি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: বাজারদর
লিংক সফলভাবে কপি হয়েছে!