ইন্টারনেট ব্যাংকিংয়ে ৮ মাসে লেনদেন ২১৯৯৬০ কোটি টাকা
ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং পদ্ধতিতে গ্রাহকরা আমানত, স্থানান্তর এবং অনলাইন বিল পেমেন্টের মতো প্রায় সব সেবাই পাছেন। যা আগে শুধু স্থানীয় শাখার মাধ্যমে পাওয়া যেতো। দুই দশক আগে চালু হওয়া ইন্টারনেট ব্যাংকিং দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।
বর্তমানে দেশে ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং লেনদেন বেড়েছে। ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন ৬৩.৬৩% বৃদ্ধি পেয়ে অর্থ আদান-প্রদান করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৯৬০ কোটি টাকা। গত অর্থ-বছরের একই সময়ে যা ছিল ১ লাখ ৩৪ হাজার ৪২৫ কোটি টাকা।
ফেব্রুয়ারি পর্যন্ত দুই বছরের মধ্যে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের পরিমাণ ২৪৭% বেড়ে ২৯ হাজার ৩৮৫.৯ কোটি টাকা হয়েছে। যা ২০২১ সালের ফেব্রুয়ারিতে ছিল ৮ হাজার ৪৭৭.৩ কোটি টাকা। ২০২৩ সালের প্রথম মাসে সবচেয়ে বেশি ৩৩ হাজার ৯২৫.৬ কোটি টাকা লেনদেন হয়েছে।
.png)
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিভিন্ন আর্থিক সেবা পেতে দেশের গ্রাহকরা কম্পিউটার ও মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন। সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকের সংখ্যা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রেকর্ড ৬.৫৭ মিলিয়ন বেড়েছে। যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ৪.৭ মিলিয়ন ও ২০২১ সালের ফেব্রুয়ারিতে ছিল ৩.৪ মিলিয়ন।