ঈদে ডিজিটাল সেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
ঈদুল আজহায় ব্যাংকের ডিজিটাল সেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ঈদের ছুটিতেও (২৭-৩০ জুন) এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন রাখতে হবে।
রোববার নতুন এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়, কোরবানির পশুর হাট সংলগ্ন যেকোনো ব্যাংকের শাখা ঈদের আগের দিন রাত ১০টা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় খোলা রাখাতে হবে। একই সঙ্গে পোশাকশিল্প এলাকায়ও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে লেনদেন চালু রাখতে হবে। এছাড়া এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে। এই সময়ে কোনো গ্রাহক যেন হয়রানির শিকার না হন সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
.png)
এতে আরো বলা হয়, ঈদের ছুটিতে সার্বক্ষণিক এটিএম সেবা চালু রাখা, বুথের কারিগরি ত্রুটি দ্রুততম সময়ে সমাধান করা এবং বুথে সার্বক্ষণিক পাহারাদারদের সতর্ক অবস্থানসহ অন্য নিরাপত্তাসমূহ নিশ্চিত করতে হবে। পিওএস সেবা নিশ্চিত করা, জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন করার ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ এবং অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা চালু রাখতে হবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস (বিকাশ, রকেট ও নগদ ইত্যাদি) সেবা প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সংশ্লিষ্ট কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।
এই সময়ে (ঈদের ছুটির চারদিনে) যেকোনো অংকের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানাতে কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনায় বলা হয়েছে।