ব্যাংকে ঈদের আমেজ
ঈদুল আজহার টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান। তবে ব্যাংকপাড়ায় এখনো বিরাজ করছে ঈদের আমেজ। নেই চিরচেনা প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততা। প্রথম কর্মদিবসে যেসব কর্মকর্তা ও কর্মচারী এসেছেন, তারা কাজের চাপ কম থাকায় গল্প-গুজব আর কুশল বিনিময়ে সময় পার করেছেন। এছাড়া ভিড় না থাকায় দ্রুত কাজ শেষ করতে পেরে খুশি গ্রাহকরাও।
রোববার রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকার ব্যাংকপাড়া ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল অফিসের জেনারেল ম্যানেজার মো. রেজাউল কারিম বলেন, ঈদের পর আজ প্রথম দিন গ্রাহক উপস্থিতি কম। অনেকটা ঢিলেঢালাভাবে লেনদেন চলছে। অবস্থা স্বাভাবিক হতে এই সপ্তাহ লেগে যাবে।
.png)
সোনালী ব্যাংকে আসা গ্রাহক আকরাম হোসেন বলেন, রাস্তা আজও অনেকটা ফাঁকা, যানজট নেই। ব্যাংকে এলাম, এখানেও ভিড় কম। একটা পে-অর্ডারের চেক জমা দিতে এসেছি, এসেই কাজ শেষ করলাম।
এক্সিম ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজহার উদ্দিন বলেন, সবসময় ঈদের পর লোকজন কম থাকে। ঈদে গ্রামের বাড়ি গেছেন অনেক মানুষ। পর্যায়ক্রমে তারা ঢাকায় ফিরবেন। কর্মচাঞ্চল্য ফিরে পেতে এই সপ্তাহ লেগে যাবে।
দেশে গত ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। এবার নির্বাহী আদেশে ঈদের ছুটি একদিন বাড়িয়ে চারদিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষে ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চারদিন ছুটি ছিল। পরদিন ১ জুলাই সাপ্তাহিক ছুটি (শনিবার) ছিল। ফলে এবারের ঈদে টানা পাঁচদিন ছুটি পেয়েছেন ব্যাংকসহ সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।