যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (৪ জুলাই) সরকারি ছুটি রয়েছে। এতে স্বর্ণের বৈশ্বিক মূল্য অপরিবর্তিত রয়েছে। তবে রুপার দাম বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
.png)
প্রতিবেদনে বলা হয়, বুধবার (৫ জুলাই) আসন্ন বৈঠক নিয়ে বিবৃতি দেবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ব্যবসায়ীরা আপাতত সেদিকে নজর রাখছেন। ফলে তারা স্বর্ণে বিনিয়োগ কমিয়ে দিয়েছেন।
একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য অপরিবর্তিত রয়েছে। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯২৯ ডলার ১০ সেন্টে।
এবিসি রিফাইনারি প্রাতিষ্ঠানিক বাজারের বৈশ্বিক প্রধান নিকোলাস ফ্র্যাপ্পেল বলেন, এবার ৫০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে পারে ফেড। সামনেও আরো কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই স্বর্ণের বাজার ধাক্কা খাবে।
এদিকে, বিনিয়োগকারীরা মনে করছেন, চলতি জুলাইয়ে ফেডের ২৫ বেসিস পয়েন্ট সুদহার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। এরপর টানা ৯ মাস সেটা অব্যাহত থাকবে। ২০২৪ সালের মার্চে তাতে বিরতি দিতে পারে তারা।
উল্লেখ্য, সুদের হার বাড়লে ইউএস মুদ্রা ডলারের দাম বেড়ে যায়। এতে বিনিয়োগকারীদের কাছে নন-ইল্ডিং স্বর্ণ আকর্ষণ হারায়।