আমদানি-রফতানিতে বাড়ল ডলারের দাম, সমান রেট রেমিট্যান্সে
আমদানি-রফতানি আয়ে ডলারের দাম এক টাকা বাড়ানো হয়েছে। এখন রফতানিকারকরা প্রতি ডলারের জন্য ১০৯ টাকা ৫০ পয়সা পাবেন। এতদিন যা ছিল ১০৮ টাকা ৫০ পয়সা। এছাড়া আমদানিতে ডলারের দাম হবে ১১০ টাকা। আগে যা ছিল ১০৯ টাকা ৫০ পয়সা। তবে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম অপরিবর্তিত (১০৯ টাকা ৫০ পয়সা) রাখা হয়েছে।
বৃহস্পতিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নতুন এ সিদ্ধান্ত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে।
সভায় বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
.png)
ব্যাংকাররা জানান, অনেক দিন ধরে রফতানি ও রেমিট্যান্সের ডলার রেট এক করার চেষ্টা চলছিল। এখন থেকে এটা কার্যকর হবে। ১ সেপ্টেম্বর থেকে প্রবাসী আয় ও রফতানি বিল নগদায়নে ডলার রেটে কোনো পার্থক্য থাকবে না। প্রতি ডলারের রেট হবে ১০৯ টাকা ৫০ পয়সা। এতে রফতানিকারকরা আরো উৎসাহিত হবেন।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আন্তঃব্যাংকে ডলার লেনদেন হচ্ছে ১০৯ টাকা ৫০ পয়সা রেটে। বৃহস্পতিবার কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলারের দাম ছিল ১১৮ টাকা।