ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সঞ্চয়পত্রে নিট বিক্রি ৮ গুণ বেড়েছে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২১, ৭ সেপ্টেম্বর ২০২৩
সঞ্চয়পত্রে নিট বিক্রি ৮ গুণ বেড়েছে 
ফাইল ফটো

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সঞ্চয়পত্র থেকে নিট ৩ হাজার ২৫০ কোটি টাকা এসেছে। আগের বছরের একই মাসে যেখানে মাত্র ৩৯৩ কোটি টাকা নিট বিক্রি ছিল। অর্থাৎ আগের বছরের একই মাসের তুলনায় এবার নিট বিক্রি ৮ গুণের চেয়ে বেশি বেড়েছে।

এই খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের তুলনায় সঞ্চয়পত্রে সুদ বেশি। ফলে সঞ্চয়কারীরা সঞ্চয়পত্রে বিনিয়োগে বেশি আগ্রহী হচ্ছেন। পাশাপাশি আগের কেনা সঞ্চয়পত্রে মেয়াদ শেষে আবারও নতুন করে বিনিয়োগ করছেন। এছাড়া নির্বাচনী বছরে অন্যান্য খাতের চেয়ে সঞ্চয়পত্র বিনিয়োগকে বেশি নিরাপদ মনে করছেন অনেকে। এসব কারণে সঞ্চয়পত্র বিক্রি ও বিনিয়োগ বাড়ছে।

Advertisement

এদিকে নিয়ম অনুযায়ী, আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ-আসল পরিশোধের পর যা অবশিষ্ট থাকে, তাকে বলা হয় নিট বিক্রি। ঐ অর্থ সরকারি কোষাগারে জমা থাকে। সরকার তা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজে লাগায়। এ কারণে অর্থনীতির ভাষায় সঞ্চয়পত্রের নিট বিক্রিকে সরকারের ‘ঋণ’ বা ‘ধার’ হিসেবে গণ্য করা হয়।

জাতীয় সঞ্চয় অধিদফতরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরে প্রথম মাস জুলাইয়ে ৭ হাজার ৮৬০ কোটি ৬০ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এর বিপরীতে মুনাফা ও মূল বাবদ পরিশোধ করা হয়েছে ৪ হাজার ৬১০ কোটি ৭৯ লাখ টাকা। 

ফলে সঞ্চয়পত্র বিক্রি থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৯ কোটি ৮১ লাখ টাকা, অর্থবছরের প্রথম মাসে এটা সরকারের ‘ঋণ’ বা ‘ধার’।

সরকার চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র বিক্রি করে ১৮ হাজার কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা ঠিক করছে। যা গত অর্থবছরের চেয়ে ৪৮ দশমিক ৫৭ শতাংশ বা ১৭ হাজার কোটি টাকা কম। গত অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য ৩৫ হাজার কোটি টাকা ঠিক করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বিক্রি
লিংক সফলভাবে কপি হয়েছে!