রোববার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে আমদানিকারকের কাছে ডলার বিক্রির অপরাধে বাণিজ্যিক ১০ ব্যাংককে জরিমানা করা হয়েছে। ব্যাংকগুলো হলো- মার্কেন্টাইল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মধুমতি ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।
.png)
এসব ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে ১ লাখ টাকা করে জরিমানা গুনতে হচ্ছে। ব্যাংক কোম্পানি আইনের ১০৯ (৭) ধারা অনুযায়ী তাদের এ জরিমানা কার্যকর করা হয়েছে।
সূত্র আরো জানায়, বেশি দরে ডলার বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট ১০ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত সেপ্টেম্বর চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানকে জরিমানার প্রক্রিয়া শুরু হয়। এসব ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদমর্যাদার কর্মকর্তা এবং ট্রেজারি বিভাগের প্রধান এ জরিমানা দেবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, অধিক দামে ডলার বিক্রির দায় এড়াতে পারেন না এসব ব্যাংকের ট্রেজারি প্রধান। ব্যাংকগুলোকে দেওয়া চিঠিতে যা জানানো হয়েছে। ডলার কারসাজিতে অভিযুক্তদের কী শাস্তি হবে ব্যাংক কোম্পানি আইনের ১০৯ (৭) ধারায় তা উল্লেখ আছে।
ঐ ধারা অনুযায়ী, এ অপরাধে কমপক্ষে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করা যাবে। এটি একাধিকবার লঙ্ঘন করলে প্রথম দিনের পর প্রতিদিনের জন্য অতিরিক্ত ১ হাজার টাকা আরোপ করা যাবে।