দেশকে উন্নত করতে অভ্যন্তরীণ আয় বাড়াতে হবে: এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, দেশকে উন্নত করতে হলে অভ্যন্তরীণ আয় বাড়াতে হবে। এজন্য ট্যাক্সের আওতা বৃদ্ধি করতে হবে।
তিনি বলেন, করদাতাকে আরো বেশি আয়কর এবং ভ্যাট প্রদানে উৎসাহিত করতে হবে। এজন্য আয়কর বিভাগের ওপর আস্থা রাখতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড এ লক্ষ্যে কাজ করছে।
শনিবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক প্রাক-বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
.png)
আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ২০২০ সালে রিটার্ন দাখিলকারী করদাতা ছিল ২১ লাখ। গত ৪ বছরে এনবিআর’র নিরলস প্রচেষ্টায় এখন রিটার্ন করদাতার সংখ্যা ৩৬ লাখ। আগামী জুনে এ সংখ্যা ৪০ লাখে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে এনবিআর। আগামীতে এ সংখ্যা আরো বাড়াতে হবে।
বরিশাল জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. মাসুদ সাদিক ও একেএম বদিউল আলম এবং বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।
এছাড়া বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও বরিশালের কর কমিশনার মো. সারওয়ার হোসেন চৌধুরীসহ বরিশাল ও খুলনার কর কর্মকর্তা এবং বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলার ব্যবসায়ী নেতারা সভায় উপস্থিত ছিলেন।