ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

শেয়ারবাজারে দরপতন অব্যাহত, লেনদেন নেমেছে ৪০০ কোটিতে

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২৪
শেয়ারবাজারে দরপতন অব্যাহত, লেনদেন নেমেছে ৪০০ কোটিতে
ফাইল ফটো

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় রোববারও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এছাড়া দরপতনের পাশাপাশি দুই পুঁজিবাজারেই কমেছে লেনদেনের গতি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এদিনের লেনদেন ২৮ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন।

রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম কমার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ১৩ পয়েন্ট কমে যায়। তবে লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় চলে আসায় সূচক ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ৫৯ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষ হওয়ার পর বেশ কিছু ব্যাংক দাম কমার তালিকায় চলে আসে। এর নেতিবাচক প্রভাব পড়ে অন্য খাতের ওপর। দাম বাড়ার চেয়ে দাম কমার তালিকা বড় হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২০৫টি প্রতিষ্ঠানের। আর ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

Advertisement

বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮১ কোটি ৩১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৩০ কোটি ৮৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৪৯ কোটি ৫৪ লাখ টাকা। এর মাধ্যমে চলতি বছরের ১৮ আগস্টের পর ডিএসইতে সব থেকে কম লেনদেন হলো।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৪টির এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৭৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩ কোটি ৩২ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!