ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

মূলধনী মুনাফার ওপর করহার কমিয়েছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩২, ৪ নভেম্বর ২০২৪
মূলধনী মুনাফার ওপর করহার কমিয়েছে এনবিআর
ফাইল ফটো

পুঁজিবাজারে কোম্পানীর শেয়ার বিক্রি থেকে অর্জিত মূলধনী মুনাফার ওপর করের হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

সোমবার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার লেনদেন হতে ৫০ লাখ টাকার অধিক অর্জিত মূলধনি মুনাফার ওপর করের হার ১৫ শতাংশ নির্ধারণ করেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

জানা গেছে, বিদ্যমান আইনে শেয়ার ক্রয়ের ৫ বছরের মধ্যে উক্ত শেয়ার ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ সময়কালে বিক্রয় করে মূলধনি আয় অর্জন করলে তার ওপর সাধারণ হারে কর আরোপ করা হয়। বর্তমানে আইন অনুসারে ৫০ লাখ টাকার অধিক মূলধনি আয়ের ওপর সর্বোচ্চ করের হার ৩০ শতাংশ। তবে সম্পদশালী করদাতাদেরকে প্রদেয় করের ওপর বিদ্যমান আইনে সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে সারচার্জ প্রদান করতে হয়। এতে শেয়ার বাজার হতে অর্জিত মূলধনি মুনাফার ওপর বিদ্যমান আইন অনুসারে আয়কর ও সারসার্জ বাবদ মোট ৪০দশমিক ৫০ শতাংশ হারে কর প্রদেয় হয়।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের জারিকৃত প্রজ্ঞাপন নং ৩৮৩/আইন/আয়কর-৫২/২০২৪ তারিখ ০৪/১১/২০২৪ অনুসারে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার অর্জন পরবর্তি লেনদেনের সময়কাল নির্বেশেষে অর্থাৎ শেয়ার ক্রয়ের ৫ বছরের মধ্যে অথবা ৫ বছরের পরে সবক্ষেত্রে শেয়ার বিক্রি থেকে অর্জিত মূলধনি আয়ের ওপর করের হার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এর ফলে ১ জুলাই ২০২৪ হতে ৩০ জন ২০২৫ সময়কালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সব শেয়ার লেনদেন থেকে ৫০ লাখ টাকার অধিক অর্জিত মূলধনি আয়ের পরিমাণ নির্বিশেষে ১৫ শতাংশ কর এবং করদাতার নীট সম্পদের পরিমাণ ৪ কোটি টাকার অধিক, ১০ কোটি টাকার অধিক, ২০ কোটি টাকার অধিক এবং ৫০ কোটি টাকার বেশি হলে প্রদেয় করের ওপর যথাক্রমে ১০ শতাংশ, ২০ শতাংশ, ৩০ শতাংশ এবং ৩৫ শতাংশ হারে সারসার্জ প্রদান করতে হবে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী একজন করদাতার ৫০ কোটি টাকার অধিক নীট সম্পদ থাকলে, শেয়ার বাজার থেকে অর্জিত ৫০ লাখ টাকার অতিরিক্ত আয়ের ওপর তাকে ১৫ শতাংশ হারে কর এবং প্রদেয় কর ১৫ শতাংশ এর ওপর ৩৫ শতাংশ অর্থাৎ ৫.২৫ শতাংশ সারচার্জসহ কর প্রদান করতে হবে। তবে করদাতার নীট সম্পদের পরিমাণ ৫০ কোটি টাকার কম হলে সারচার্জের হার ৩৫ শতাংশের পরিবর্তে কম হারে (১০ শতাংশ /২০ শতাংশ /৩০ শতাংশ) হতে পারে। সেক্ষেত্রে আয়কর ও সারসার্জের মোট হার নীট সম্পদের ভিত্তিতে ২০.২৫ শতাংশ থেকে আরো কম হবে।

স্বাভাবিক ব্যক্তি করদাতাসহ অন্যান্য সব করদাতার ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ সময়কালে (করবর্ষ-২০২৫-২০২৬), স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন থেকে ৫০ লাখ টাকার অধিক অর্জিত মূলধনি মুনাফার ওপর প্রদেয় আয়কর ও সারচার্জ বাবদ সর্বোচ্চ করের হার ৪০.৫০ শতাংশ থেকে কমিয়ে ২০.২৫ শতাংশ করায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী হবেন মর্মে জাতীয় রাজস্ব বোর্ড মনে করে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: এনবিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!