ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সোনালী ব্যাংকে বেক্সিমকোর ঋণ ১৬০০ কোটি, বড় অংশই খেলাপি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২০:০০, ২ জানুয়ারি ২০২৫
সোনালী ব্যাংকে বেক্সিমকোর ঋণ ১৬০০ কোটি, বড় অংশই খেলাপি
সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সোনালী ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের নেয়া ১ হাজার ৬০০ কোটি টাকা ঋণের বড় অংশ খেলাপি হয়ে গেছে। এছাড়া হলমার্ক গ্রুপ ঋণের বিপরীতে যে পরিমাণ সম্পত্তি মর্টগেজ দিয়েছিল তার অতিরিক্ত ১৬৭ একর জমি নতুন করে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব তথ্য জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খান।

সোনালী ব্যাংকের এমডি বলেন, হলমার্ক-টিএম ব্রাদার্সসহ যাদের কাছে ব্যাংকের বড় বড় পাওনা রয়েছে তাদের কাছ থেকে ঋণ আদায়ের সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Advertisement

তিনি আরো বলেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এ বছর নিট ইন্টারেস্ট ইনকাম (নিট মুনাফা) দাঁড়িয়েছে ১ হাজার ৪২৫ কোটি টাকা। এটি গত বছরের চেয়ে ৯৪৯ কোটি টাকা বেশি। ব্যাংকের জন্য এ বছরের স্লোগান ‘২০২৫ সাল হবে সোনালী ব্যাংকের সমৃদ্ধির পথে চলার বছর’।

শওকত আলী খান বলেন, কর্মীদের মোটিভেট করতে আমরা উল্লেখযোগ্য সংখ্যক কর্মীদের পদোন্নতি দিয়েছি। তারা ভালো থাকলে ব্যাংক ভালো করবে। অনেকেই ৭/৮ বছর পর পদোন্নতি পেয়েছেন। এ কারণে তাদের মধ্যে হতাশা কাজ করছিল। ব্যাংকের স্বার্থেই তাদের পদোন্নতি দিয়েছি।

তিনি বলেন, অতীতের সব রেকর্ড ভেঙে ২০২৪ সালে বিপুল মুনাফা করেছে সোনালী ব্যাংক। ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে পরিচালন মুনাফা বেড়েছে ১ হাজার ৭৯১ কোটি টাকা। ২০২৪ সাল শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা ৫ হাজার ৬৩৪ কোটি টাকা। ২০২৩ সাল শেষে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ছিল ৩ হাজার ৮৪৬ কোটি টাকা। রেকর্ড মুনাফার পাশাপাশি ২০২৪ সালে আমানতের পরিমাণ বেড়ে ১ লাখ ৬৪ হাজার ৯৬০ কোটি টাকা হয়েছে। গত বছরের চেয়ে যা ১৪ হাজার ৩৪২ কোটি টাকা বেশি।

খেলাপি ঋণের বিষয়ে সোনালী ব্যাংকের এমডি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে আমরা খেলাপি ঋণ কমাতে কাজ করছি। উৎপাদনশীল খাতে ঋণ দিতে আমরা এসএমই-সিএমএসএমই ঋণে জোর দিয়েছি। ২০২৪ সালে রেকর্ড মুনাফার কারণে আমাদের প্রভিশন ঘাটতি কমে আসবে।

এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!