ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হলো

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হলো
সংগৃহীত ছবি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক জরুরি বার্তায় তার নামে থাকা হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতিসংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট) চাওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পাঠানো ওই বার্তায় সালমান মোহাম্মাদ মুক্তাদিরের নামে থাকা হিসাবসংক্রান্ত তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়। বার্তাটিকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবেও উল্লেখ করা হয়েছে।

Advertisement

বিএফআইইউর নির্দেশনায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের হিসাবের কেওয়াইসি ও স্টেটমেন্টের সফট কপি পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি সংযুক্ত এক্সেল ফাইলে তার হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং চিহ্নিত হিসাবগুলোর সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ঠিক কী কারণে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিএফআইইউর এক কর্মকর্তা জানিয়েছেন, আর্থিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এ ধরনের তথ্য চাওয়া নিয়মিত কার্যক্রমের অংশ হতে পারে। শুধু হিসাব তলব করা হয়েছে বলেই সংশ্লিষ্ট ব্যক্তি কোনো অপরাধ করেছেন—এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই।

সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর এলাকায় সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’তে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি ক্ষমতাসীন দলের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন। তবে পরে তিনি জানান, সরাসরি তার কাছে কেউ টাকা দাবি করেনি।

পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, ঘটনাটি মূলত জমি-সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে এবং সেখানে চাঁদাবাজির ঘটনা পাওয়া যায়নি। ওই ঘটনায় করা মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, সালমান মুক্তাদিরের বক্তব্যের পর সরকারের পক্ষ থেকেও তাকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সালমান মুক্তাদিরসহ ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা পাওয়া কনটেন্ট ক্রিয়েটররা ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে তিনি আশা করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!