ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বীমা গ্রাহকদের ২৬ কোটি টাকা দিচ্ছে কোম্পানিগুলো

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮, ৫ অক্টোবর ২০২৬
বীমা গ্রাহকদের ২৬ কোটি টাকা দিচ্ছে কোম্পানিগুলো
সংগৃহীত ছবি

বীমা খাতে গ্রাহকদের আস্থা ফেরাতে দীর্ঘদিন ধরে আটকে থাকা বৈধ বীমা দাবি পরিশোধের উদ্যোগ অব্যাহত রেখেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে তৃতীয় দফায় ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীর মোট ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকার বীমা দাবি পরিশোধ করা হচ্ছে।

এবার সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলো নিজেদের কার্যালয় থেকে গ্রাহকদের এসব দাবি পরিশোধ করছে। পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে তদারকি করছে আইডিআরএ।

Advertisement

রোববার (৪ অক্টোবর) আইডিআরএ জানায়, প্রথম ও দ্বিতীয় দফায় কর্তৃপক্ষের নিজস্ব কার্যালয়ে সরাসরি পলিসিধারীদের দাবি পরিশোধ করা হয়েছিল। এর মাধ্যমে বৈধ দাবি নিষ্পত্তি এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়।

তৃতীয় দফায় বীমা কোম্পানিগুলোর নিজস্ব কার্যালয় থেকে অর্থ পরিশোধ করা হলেও পুরো কার্যক্রম আইডিআরএর নজরদারিতে রয়েছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার দাবি পরিশোধ করা হয়। দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকার দাবি পরিশোধ করা হয়।

তৃতীয় দফার অর্থসহ তিন ধাপে এখন পর্যন্ত ১৬ হাজার ৫৮ জন পলিসিধারীর মোট ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকার বীমা দাবি পরিশোধের আওতায় এসেছে।

আইডিআরএ জানিয়েছে, চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে পলিসিধারীদের ন্যায্য দাবি পরিশোধ, বীমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে দীর্ঘদিন ধরে আটকে থাকা বৈধ দাবিগুলো নিষ্পত্তি করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!