ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নড়াইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
নড়াইলের নড়াগাতীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় আসাদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আসাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ দুপুরে নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ায় বাড়িতে একা ছিল তৃতীয় শ্রেণির ওই ছাত্রী। এ সময় প্রতিবেশী আসাদ মোল্যা ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
একপর্যায়ে শিশুটির পরিবারের এক সদস্য বাড়িতে এসে বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসাদ শিশুটিকে ছেড়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে শিশুটির বাবা-মা বাড়িতে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দিনই শিশুটির বাবা বাদী হয়ে আসাদ মোল্যাকে আসামি করে নড়াগাতী থানায় মামলা করেন। মামলায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসাদকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার আদেশ দেন।