ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৩, ১৪ নভেম্বর ২০২৬
২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার
সংগৃহীত ছবি

বিনিয়োগ বাড়ানো, শিল্পের বিকাশ এবং রপ্তানি আয় সম্প্রসারণের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে ব্যবসা পরিচালনার জটিলতা কমানো, দক্ষ জনশক্তি তৈরি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে।

পাশাপাশি পাটকল পুনরুজ্জীবন, কৃষক ও নিম্ন আয়ের পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং ব্যাংকিং খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট দলিলে সরকারের এ রূপান্তর পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির মধ্যে কার্যকর সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উৎপাদন ও রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে কাজ করছে সরকার।

এ লক্ষ্য অর্জনে ব্যবসার ব্যয় কমানো, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ শিথিল, অর্থায়ন সহজ করা এবং পরিবহনব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাজেটের লক্ষ্য অনুযায়ী, আগামী অর্থবছরগুলোতে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০০৫-০৬ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৩ দশমিক ৪৯ শতাংশে।

কাঠামোগত দুর্বলতা, উচ্চ সুদহার, দুর্নীতি, জ্বালানি সংকট ও দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিকে এ পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছিল।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত এবং মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। একই সময়ের মধ্যে জিডিপির ২ দশমিক ৭ শতাংশে বিদেশি বিনিয়োগ এবং মোট বিনিয়োগ ৪০ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও করা হয়েছে।

তিন পর্যায়ের ‘থ্রি-আর’ কৌশল

দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নে তিন পর্যায়ের ‘থ্রি-আর’ কৌশল নেওয়া হয়েছে। প্রথম এক বছরে অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সুরক্ষা এবং সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

পরবর্তী তিন বছরে রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংক খাতের সংস্কার, বেসরকারি বিনিয়োগ সম্প্রসারণ এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দেওয়া হবে। শেষ পাঁচ বছরে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল রূপান্তর, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক বাজারের সঙ্গে দেশের অর্থনীতির সংযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

শিল্প খাতে পাটকল পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও এগিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) ইজারা দেওয়া ১৭টি পাটকলের মধ্যে নয়টিতে উৎপাদন শুরু হয়েছে। এসব কারখানায় কাজ পেয়েছেন প্রায় ৯ হাজার ৫০০ মানুষ। আরও তিনটি কারখানা চালুর প্রস্তুতি চলছে।

পুরো উদ্যোগের মাধ্যমে নতুন করে ৫০ হাজার থেকে ৬০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ইজারা চুক্তির ফলে ৬১৯ কোটি টাকা বিনিয়োগ এবং বছরে ১ হাজার ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের সুযোগ তৈরি হয়েছে।

ফ্যামিলি ও ফার্মার কার্ডে আর্থিক সহায়তা

সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রস্তুতি চলছে। এ কর্মসূচিতে যুক্ত হবেন প্রায় ৭২ হাজার স্বেচ্ছাসেবক।

অন্যদিকে, ফার্মার কার্ড কর্মসূচির আওতায় আগামী অর্থবছরে ৪৩ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। দীর্ঘ মেয়াদে এ সুবিধার আওতায় আসবেন ২ কোটি ৪০ লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক। যোগ্য প্রত্যেক কৃষক বছরে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবেন।

এ ছাড়া আগামী চার বছরে ১৪ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন বা পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ছয় মাসে ৩৭৭ কিলোমিটার খননকাজ শেষ হয়েছে। ধর্মীয় সেবাদানকারীদের সহায়তা কর্মসূচিতে আগামী অর্থবছরে প্রায় ৬০ হাজার মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৫০টি গ্যাসকূপ উন্নয়ন, এলএনজি টার্মিনালের সক্ষমতা বাড়ানো এবং সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করছাড়, স্বল্প সুদে ঋণ এবং উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রির সুযোগ রাখার প্রস্তাব রয়েছে।

পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ানো, আমদানি নিয়ন্ত্রণ এবং মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় উন্নত করার পরিকল্পনা রয়েছে। সড়ক, সেতু ও রেল যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারের প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে, উৎপাদন বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর মধ্য দিয়ে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে চায় সরকার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!