চুয়েট-কুয়েট-রুয়েটে ভর্তি শুরু ৫ ডিসেম্বর
ইঞ্জিনিয়ারিং গুচ্ছ (চুয়েট-কুয়েট-রুয়েট) ভর্তি পরীক্ষার ফলাফল এরইমধ্যেই প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকার ১ম পর্যায়ের ভর্তি শুরু হবে ৫ ডিসেম্বর।
ফলাফলে ক (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) গ্রুপে ১- ১৪৯৮৯ জন ও খ (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ) গ্রুপে ১- ১৬৫৬ এর একটি তালিকা প্রকাশ করা হয়েছিলো।
তিন প্রকৌশল ভর্তি কমিটির সভাপতি ও চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধাস্থান প্রাপ্ত সব প্রার্থীকে https://admissionckruet.ac.bd/ লিংকে প্রবেশ করে অনলাইনে বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট চয়েজ দিতে হবে।
.png)
উক্ত ওয়েবসাইটের নির্ধারিত অপশনে চাহিত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় ও বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে।
Online Admission Form এ প্রদানকৃত তথ্য ও পছন্দক্রম ৪ ডিসেম্বর ২০২১ (শনিবার) সকাল ৯: ০০টার পূর্ব পর্যন্ত প্রার্থী প্রয়োজনে পরিবর্তন করতে পারবে। সেই সময়ের পর ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের Online Admission Form লক হয়ে যাবে। এরপর আর কোনো তথ্য বা পছন্দক্রম পরিবর্তন করা যাবে না। প্রকাশিত ফলাফলের তালিকার সকল প্রার্থীর অনলাইনে বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট চয়েজ দেয়া বাধ্যতামূলক। নতুবা পরে কোনো সুযোগ থাকবে না।
আগামী ৫ ডিসেম্বর ১ম পর্যায়ে মেধাক্রম ক গ্রুপে ১-৩০৮০ ও খ গ্রুপে ১-১০০ পর্যন্ত ডাকা হয়েছে। ঐদিন তাদের সরাসরি নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
অনলাইনে পূরণকৃত ফরমের (প্রিন্টেড) ০১ কপি ভর্তির সময়ে নিয়ে আসতে হবে। ভর্তি কার্যক্রম চুয়েট, কুয়েট এবং রুয়েট কেন্দ্রসমূহে একযোগে অনুষ্ঠিত হবে। প্রার্থী যে কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে উক্ত কেন্দ্রেই উপস্থিত হয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
যা যা দাখিল করতে হবে প্রার্থীদের:
১. শিক্ষা বোর্ড কর্তৃক এইচএসসি বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
২. মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল সনদপত্র।
৩. মাধ্যমিক বা সমমান পরীক্ষার গ্রেডশিটের মূলকপি।
৪. উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার গ্রেডশিটের মূলকপি।
৫. উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র/সাময়িক সনদপত্রের মূলকপি ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের মূলকপি।
৬. সংরক্ষিত আসনে ভর্তির জন্য:
(ক) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বা উপজাতির সনদপত্রের মূলকপি, রাখাইন সম্প্রদায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি) প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী বাসিন্দা এবং উপজাতীয়তার প্রমাণ স্বরূপ (১) যে কলেজ থেকে পাস করেছে সে কলেজের অধ্যক্ষ (২) জেলা প্রশাসন/স্থানীয় পৌরসভা/জেলা পরিষদ/ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান এবং
(৩) উপজাতীয় মোড়লের নিকট থেকে মোট ৩টি মূল সার্টিফিকেট।
(খ) জেলা প্রশাসক/ স্থানীয় পৌরসভা/জেলা পরিষদ/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট থেকে বান্দরবান জেলায় স্থানীয় বাসিন্দার সনদপত্রের মূলকপি। (প্রযোজ্য ক্ষেত্রে)।
৭. সদ্য তোলা (অনধিক ৩ মাস) ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
উল্লেখ, কোনো শিক্ষার্থী নির্ধারিত দিনে নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হতে ব্যর্থ হলে সে আর পরবর্তীতে ভর্তির কোনো সুযোগ পাবে না।