ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চুয়েটে জয়ধ্বনির আয়োজনে ‘হিম উৎসব’

সাঈদ চৌধুরী, চুয়েটঃ
প্রকাশিত: ১৬:১৫, ১৯ ডিসেম্বর ২০২১
চুয়েটে জয়ধ্বনির আয়োজনে ‘হিম উৎসব’
‘হিম উৎসব’ এর আয়োজন করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একমাত্র সাংষ্কৃতিক সংগঠন ‌‘জয়ধ্বনি’।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একমাত্র সাংষ্কৃতিক সংগঠন জয়ধ্বনি ১৭ ডিসেম্বর (শুক্রবার) ‘হিম উৎসব’ আয়োজন করেছে। মূলত শীতকে বরণ করে নেয়ার জন্য এ উৎসবের আয়োজন করে সংগঠনটি।

বিকাল ৫টায় ক্যাম্পাসের বাস্কেটবল গ্রাউন্ডে পিঠা উৎসবের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।  শিক্ষার্থীদের তৈরি নানা রকমের পিঠা শোভা পাচ্ছিল পিঠা স্টলে। স্টলের দায়িত্বে ছিল বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। 

আয়োজকরা জানান, দীর্ঘ দিন বন্ধ থাকার পর ক্যাম্পাসে পুনরায় প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে আজকের এই আয়োজন। জয়ধ্বনি বরাবরই সুন্দর সুন্দর প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসকে প্রাণচাঞ্চল্যে ভরপুর করে রাখে। ধন্যবাদ সম্মানিত শিক্ষক, জুনিয়রসহ সকলকে এতটা সাপোর্টিভ থেকে পুরোটা প্রোগ্রাম সফল করের জন্য।

Advertisement

চুয়েট ক্যাম্পাসের মুক্তমঞ্চে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় থিয়েটার ‘অপরিচিতা’। এখানে পুরুষতান্ত্রিক সমাজের আগ্রাসনের বিরুদ্ধে পিতা ও কন্যার দৃঢ় প্রতিবাদ ফুটিয়ে তোলা হয়েছে। নাটকে প্রধান চরিত্র হিসেবে অনুপম ও কল্যাণীর ভূমিকায় অভিনয় করেন যথাক্রমে অর্পন সরকার (১৮) এবং রিফাত আরা তানজুম প্রিমু (১৯)। সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন তুলি ও মাইনুদ্দিন শামীম।

এছাড়াও সবশেষে অনুষ্ঠিত হয় ক্যাম্পফায়ার। যেখানে শীতের মৃদু হাওয়ায় গোল হয়ে বসে আগুনের উষ্ণতা নিতে নিতে আড্ডার আয়োজন ছিল, পরিবেশন করা হয়েছিল গান। এখানে উপস্থিত সব ব্যাচের শিক্ষার্থীরা গানের সুরে সুরে মাতিয়েছেন পুরো প্রোগ্রাম।

উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক ও অধ্যাপক ড. সানাউল রাব্বী পাভেল। প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে ছিল জয়ধ্বনির সভাপতি তারেক মাহমুদ। 

অনুষ্ঠানের বিষয়ে জয়ধ্বনি সভাপতি তারেক মাহমুদ বলেন, আমরা শুধুমাত্র একটি সংগঠনই নই বরং একটি পরিবার। ক্যাম্পাসের প্রতিটি মানুষই আমাদের এ পরিবারের সদস্য। ‘হিম উৎসব’ ছিল সিনিয়র, জুনিয়র ও শিক্ষকসহ চুয়েটের সবার মিলন উৎসব। এরকম উৎসব আয়োজনের মাধ্যমে সুস্থ সংষ্কৃতি চর্চার পাশাপাশি মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার স্বপ্ন দেখি আমরা। এ ধরনের অনুষ্ঠানের রীতি ভবিষ্যতেও ধরে রাখার চেষ্টা করব।

সংগঠনটির সাধারণ সম্পাদক দীপ্ত ঘোষ জানান, জয়ধ্বনি সব সময়ই সুস্থ সংষ্কৃতি চর্চা করে থাকে। দেশীয় সংষ্কৃতি চর্চার পাশাপাশি দেশীয় ঐতিহ্য সবার নিকট তুলে ধরাই ছিল ‘হিম উৎসব’ এর মূল উদ্দেশ্য। সামনের দিনগুলোতেও এই চর্চা অব্যাহত রাখব আমরা।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!