ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এসএসসির ফলাফলে রাজউক ক্যাম্পাসে বইছে বাঁধভাঙা উচ্ছ্বাস

আবদুল্লাহ আল মামুন
প্রকাশিত: ১৪:৩০, ৩০ ডিসেম্বর ২০২১
এসএসসির ফলাফলে রাজউক ক্যাম্পাসে বইছে বাঁধভাঙা উচ্ছ্বাস
এসএসসির ফলাফলে রাজউক ক্যাম্পাসে বইছে বাঁধভাঙা উচ্ছ্বাস। ছবি: ডেইলি বাংলাদেশ

নিম্ন মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ফলাফলে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছেন জন ৮৩৬ শিক্ষার্থী। 

ফলাফল প্রকাশের আগে থেকেই রাজউক ক্যাম্পাসে বইছে বাঁধভাঙা উচ্ছ্বাস। আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও ছুটে এসেছেন ক্যাম্পাস প্রাঙ্গণে। পাস করা শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে রাজউকের বর্তমান শিক্ষার্থীরাও।

আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগে থেকেই ঢোল নিয়ে রাজউক মডেল কলেজ মাঠে হাজির হন শিক্ষার্থীরা। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে নোটিশ বোর্ডে ফলাফল টাঙিয়ে দেওয়ার পর থেকেই চোখে পড়ে বাঁধভাঙা উচ্ছ্বাস আর খুশির বন্যা।

Advertisement

আরো পড়ুন: সিলেট বোর্ডে বেড়েছে পাসের হার

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০২১ সালে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে ৮৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এদের সবাই উত্তীর্ণ হয়েছেন। এ হিসেবে পাসের হার শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮৩৬ জন শিক্ষার্থী।

এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলেন ৭৪২ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৭২৫জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলেন ১৪৬ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১১১ জন শিক্ষার্থী।

আর বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এর শতকরা হার ৯৭.৭১%। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ এর শতকরা হার ৭৬.০৩%। মোট জিপিএ-৫ এর শতকরা হার ৯৪.১৪%।

দুপুর দুইটার কিছু আগে মাঠে নেমে আসেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল তায়েফুল হক। তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এটি। তবে ভালো ফল করার চেয়ে জরুরি ভালো মানুষ হওয়া। আশা করছি, ভালো করা শিক্ষার্থীরা সুন্দর মানুষ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করবে।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী  ইকবাল হোসেন বলেন, নিজের চেষ্টা, শিক্ষকদের সহায়তা আর বাবা-মায়ের পাশে থাকার কারণেই এই ফলাফল করতে পেরেছি। ভালো ফল করতে নিজেকে কষ্ট করতে হবে। নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র রিয়াজ পেয়েছেন জিপিএ-৫। তিনি বলেন, রেজাল্ট পেয়ে খুবই আনন্দিত হয়েছি। এর কৃতিত্ব আমার বাবা-মায়ের বটে। তারা আমাকে সব দিক থেকে সাপোর্ট দিয়েছে। 

এদিকে মেয়ের ভালো ফলাফলে চোখেমুখে আনন্দের ঝিলিক ফুটে উঠেছিল হোসনে আরা বেগমের। তিনি বলেন, মেয়েকে সবসময় ভালোটাই শেখানোর চেষ্টা করছি। আজ ওর এই ফলাফলে আমি অনেক আনন্দিত ও গর্বিত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!