বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কৃষি অনুষদ, মাৎসবিজ্ঞান অনুষদ, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্স অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের (টেকনিক্যাল বিষয়) সব শিক্ষার্থী পরীক্ষায় পাস করলেই ১ হাজার ২০০ টাকা করে পান। এছাড়া বিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ ও সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানেটিজ অনুষদের শিক্ষার্থীদের শতকরা ২০ জন করে শিক্ষার্থী এই বৃত্তির টাকা পান।
প্রত্যেক সেমিস্টারের রেজাল্টের পর শিক্ষার্থীদের বৃত্তির টাকা বাংলাদেশ কৃষি বিশ্বববিদ্যালয়ে (বাকৃবি) এক মাসের মধ্যে দেয়া হলেও হাবিপ্রবিতে সময় লাগে এক থেকে তিন বছর।
.png)
এ ব্যাপারে বিজ্ঞান অনুষদের ১৮ ব্যাচের শিক্ষার্থী তাইজুল ইসলাম বলেন, যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসে তাদের কাছে এই টাকাটি অনেক বড় বিষয়। অথচ আমরা বহুবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরও কোনো সমাধান হয়নি। হলে গিয়ে খোঁজ নিলে হল প্রশাসন বলে আমাদের কাছে কন্ট্রোলার সেকসন থেকে রেজাল্টের কপি আসেনি আবার কন্ট্রোলার সেকসনে যোগাযোগ করা হলে তারা বলেন রেজাল্টের কপি হল প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। তাই মাঝে মাঝে শিক্ষার্থীদেরকেই রেজাল্টের কপি হল অফিসে পৌঁছে দিতে হয়। তারপর ফাইল তৈরি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি অফিসে ঘোরাঘুরি করে ব্যাংকে টাকা যায়। এতে করে অনেক সময় লেগে যাচ্ছে। যা সত্যিই দুঃখজনক।
আবার কৃষি অনুষদের ২০১৭ ব্যাচের শিক্ষার্থী মো. আনিসুর ইসলাম বলেন, তৃতীয়বর্ষ শেষ করে চতুর্থ বর্ষে উঠলেও এখনও প্রথমবর্ষের বৃত্তির টাকা পায়নি।
শিক্ষার্থীদের ভোগান্তির বিষয় নিয়ে জানতে চাইলে হাবিপ্রবির শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হল সুপার অধ্যাপক ড. মো. আবু সাঈদ বলেন, দীর্ঘদিন থেকে শিক্ষার্থীরা এ বিষয় নিয়ে অভিযোগ জানিয়ে আসছে এবং আমরা এ ব্যাপারে অবগত রয়েছি। বর্তমান উপাচার্য অনেক ভালো কাজ করছেন। আশা করি দ্রুতই এই সমস্যার একটি সমাধান হবে। তবে অর্থ প্রাপ্তির প্রক্রিয়াটি যদি পরিবর্তন করা হয় তবে দ্রুতই শিক্ষার্থীরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবে। কন্ট্রোলার সেকশন, একাডেমিক বৃত্তিশাখা ও হিসাব শাখা সমন্বয় করে কাজটি করলে শিক্ষার্থীদের ভোগান্তি কমে যাবে বলে মনে করি।
অন্যদিকে হিসাব শাখার পরিচালক মো. মিজানুর রহমান বলেন, করোনার কারণে সব কিছুতেই একটু সময় বেশি লেগে যাচ্ছে। তবে বিষয়টি আমাদের নজরে আছে। বর্তমান উপচার্য শিক্ষার্থীবান্ধব কাজ করছেন। আশা করি অল্প সময়ের মাঝেই এ ব্যাপারে উপাচার্য উদ্যোগ নিবেন।
উল্লেখ্য যে, মাস্টার্সের শিক্ষার্থীদের একাংশ বৃত্তির টাকা তোলার আগেই ক্যাম্পাস ছাড়েন চাকরির সন্ধানে। তবে বৃত্তির এই টাকাটি অনেক শিক্ষার্থীর কাছে আবেগের বিষয় বলে জানা যায়। এই সমস্যা সমাধানে তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।