ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

‘শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে’

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৩, ২ মার্চ ২০২২
‘শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান। 

নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস তৈরির আহবান জানিয়ে শিক্ষকদের উদ্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান বলেছেন, দেশে প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তারা যে নতুন জ্ঞান সৃষ্টি করছে, চর্চা করছে, সেটি তাদের মধ্যে জাগ্রত করতে হবে। জ্ঞান আহরণের পদ্ধতিটি তাদের শেখাতে হবে। তারা যেন গভীর আত্মবিশ্বাস নিয়ে দেশের সুনাগরিক হয়। এটির জন্য কোন সংক্ষিপ্ত পথ নেই। 

তিনি বলেন, আলোকিত, শিক্ষিত প্রজন্ম যখন আমরা গড়ে তুলতে পারবো, তখন তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে। আমরা যখন তাদেরকে জ্ঞানের প্রকৃত আলো দিতে পারবো, তখনই সে নিজের মধ্যে শক্তি খুঁজে পাবে। এই কাজটুকুন যদি শিক্ষকরা করতে পারেন, তাহলে আগামী প্রজন্মের প্রতিটি শিক্ষার্থী আলোকিত মানুষ হিসেবে তৈরি হবে। 

এটি করতে পারলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কর্মপ্রচেষ্টা সেটি সফল হবে। শিক্ষক প্রশিক্ষণ একসঙ্গে ২টি ব্যাচের ৮টি বিষয়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম গত ১ ফেব্রুয়ারি শুরু হয়। এই প্রশিক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের মোট ৪৬২ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Advertisement

রোববার (২৮ ফেব্রুয়ারি) অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) অধীন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিষয়ভিক্তিক শিক্ষক প্রশিক্ষণের ১৮ ও ১৯তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, আমরা একটা ভিশন নিয়ে কাজ করছি। আজকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী চলছে। বাংলাদেশে যদি ১৫ আগস্ট না ঘটতো, দেশ সামরিক শাসনের দিকে না যেতো, তাহলে আজকে অর্থনৈতিক ও সামাজিত সূচকে আমরা কোথায় যাবো- এসব নিয়ে গবেষণার প্রয়োজন হতো না।

২৮দিনব্যাপী চলা প্রশিক্ষণের আজ ছিল সমাপনী দিন। এই সমাপনী অনুষ্ঠানে স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, সিইডিপির প্রকল্প পরিচালক ড. এ কে এম মুখলেছুর রহমান। 

১৯তম ব্যাচের মার্কেটিং এর কোর্স উপদেষ্টা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শারমিন মুসা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার, দর্শন বিভাগের কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. নুরুজ্জামান, ১৮তম ব্যাচের ইংরেজি বিভাগের কোর্স উপদেষ্টা ইউজিসি অধ্যাপক ড. ফখরুল আলম, ইতিহাস বিভাগের কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম, ম্যানেজমেন্ট বিভাগের কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. সেলিম ভুঁইয়া, মনোবিজ্ঞান বিভাগের কোর্স উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। 

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক প্রশিক্ষণ দফতরের পরিচালক মো. হাছানুর রহমান।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!