ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই র‍্যাগিংয়ের কবলে পড়ে হাসপাতালে

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ১৩ মার্চ ২০২২
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই র‍্যাগিংয়ের কবলে পড়ে হাসপাতালে
সাগর চন্দ্র দে কদিন হলো সঙ্গীত বিভাগের প্রথমবর্ষে ভর্তি হয়েছেন।  

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের একটি কক্ষে ঘটে এ ঘটনা। 

জানা যায়, ঐ হলের ২০৪ নম্বর কক্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন এক শিক্ষার্থীকে র‍্যাগিং করেছে এক ব্যাচ সিনিয়র তিন শিক্ষার্থী। র‍্যাগিংয়ের শিকার শিক্ষার্থী সাগর চন্দ্র দে নতুন শিক্ষাবর্ষে সঙ্গীত বিভাগে ভর্তি হয়েছে।  

পরিচয় পর্বের নামে ডেকে তাকে অমানবিক নির্যাতন করা হয় বলে জানায় সাগরের সহপাঠীরা। এতে তাকে মাথা, গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত  করে রক্তাক্ত করা হয়েছে বলে জানা গেছে। 

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক তপন কুমার সরকার বলেন, আহত শিক্ষার্থী সাগর বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। যেহেতু সে আহত আমরা তার সুস্থতার দিকটি চিন্তা করছি। পরবর্তীতে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই তাদের মতো সিদ্ধান্ত নিবে। 

এ বিষয়ে জানতে অগ্নিবীণা হল প্রভোস্ট কল্যানাংশু নাহার সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, নির্যাতনের শিকার শিক্ষার্থীর বন্ধু আমাদের বিষয়টি জানিয়েছে। সে যেহেতু মেডিকেলে আছে, আমাদের প্রক্টরিয়াল বডি তার খোঁজ নিচ্ছে এবং সেখানে যাচ্ছে। ওই শিক্ষার্থীর পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!