মেডিকেলে ভর্তি পরীক্ষা: প্রতি আসনে লড়বে ৩৩ শিক্ষার্থী
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার আবেদনের মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার (১৫ মার্চ) রাত ১১.৫৯ মিনিটে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নির্ধারিত সময় পর্যন্ত আবেদন পড়েছে প্রায় দেড় লাখ।
তাই ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৩ জন শিক্ষার্থী।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের তথ্যানুযায়ী, এবার ভর্তি আবেদনের ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে। গত বছর আবেদন করেছিল ১ লাখ ১৭ হাজার ৩৭৫ জন। আর চলতি বছর প্রায় দেড় লাখ শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় ৬টা পর্যন্ত টাকা জমা দিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২১ জন। আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে।
.png)
জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব বলেন, এ বছর রেকর্ড পরিমাণ আবেদন পড়েছে। এখন পর্যন্ত এক লাখ ৪৩ হাজারে বেশি শিক্ষার্থী ফি জমা দিয়েছেন। এই সংখ্যা আরেকটু বাড়তে পারে।
অধিদফতর সূত্রে বলা হয়েছে, দেশে সরকারিভাবে পরিচালিত ৩৭টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। মোট আসনের মধ্যে সাধারণ কোটায় ৪ হাজার ২৩০টি, মুক্তিযোদ্ধা কোটায় (২ শতাংশ) ৮৭টি, উপজাতি কোটায় নয়টি, অ-উপজাতি কোটায় তিনটি এবং অন্যান্য জেলার উপজাতি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আটটি আসন বরাদ্দ রাখা হয়েছে।
এদিকে আগামী ১ এপ্রিল মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশের ১৯ কেন্দ্রে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।
ভর্তি পরীক্ষার দিন যেসব নির্দেশনা মানতে হবে, স্বাস্থ্যবিধি মেনেই এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। শারীরিক দূরত্ব বজায় রাখা হবে। হাত ঘড়ি, পকেট ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ কোন ধরনের ইলেক্ট্রনিক সামগ্রী নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষেধ। কেন্দ্রে কর্তব্যরত হল সুপার, শিক্ষকসহ পরীক্ষায় নিয়োজিত সকল ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। বরাবরের মতোই দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে পরিচালক জানান।
গত বছরের ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী অংশ নেন। সেই হিসেবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি। দেশে সরকারি মেডিক্যাল কলেজ আছে ৩৭টি। আসন ৪৩৫০টি। দেশে ৭২ বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ৬ হাজার ৩৩৯টি।