রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আয়োজন করা হয় এ সভা। উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরা।
১৪ এপ্রিল বিকেল ৫টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করার পাশাপাশি এ সময়ের পর কাউকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়। এছাড়া নববর্ষের অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ২৭ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
.png)
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা যাবে না। বহন করা যাবে না কোনো ধরনের ব্যাগ। তবে চারুকলা অনুষদের মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
নববর্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে নববর্ষের দিন সব ধরনের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। এজন্য বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পাসে ঢোকা যাবে। ৫টার পর বের হওয়া ছাড়া কোনোভাবেই আর ঢোকা যাবে না। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোনো ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত মোড় সংলগ্ন গেট ও পলাশী মোড় সংলগ্ন গেট ব্যবহার করতে পারবেন।
মঙ্গল শোভাযাত্রা প্রসঙ্গে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিএসসি থেকে বের হয়ে মঙ্গল শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর সংলগ্ন স্মৃতি চিরন্তন হয়ে পুনরায় টিএসসিতে গিয়ে শেষ হবে। নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের কারণে চলাচলের পথ সরু থাকায় ও কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নববর্ষের দিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ থাকবে। আগতরা উদ্যানে ঢোকার জন্য চারুকলা অনুষদ সম্মুখস্থ ছবির হাটের গেট, বাংলা একাডেমির সম্মুখস্থ সোহরাওয়ার্দী উদ্যানের গেট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেট ব্যবহার করতে পারবেন। বের হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেট, রমনা কালী মন্দির সংলগ্ন গেট ও বাংলা একাডেমির সম্মুখস্থ সোহরাওয়ার্দী উদ্যানের গেট ব্যবহার করতে হবে। এছাড়া আগতদের সুবিধার্থে হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ সংলগ্ন এলাকা, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন এলাকা, দোয়েল চত্বর এলাকা ও কার্জন হল এলাকায় মোবাইল পাবলিক টয়লেট স্থাপন করা হবে। পাশাপাশি পুলিশের আওতায় নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করা হবে।