ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বুয়েটের মেধা তালিকায় এবার আবরার ফাহাদের ছোট ভাই ফাইয়াজ

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ০০:৫৯, ১ জুলাই ২০২২
বুয়েটের মেধা তালিকায় এবার আবরার ফাহাদের ছোট ভাই ফাইয়াজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে চান্স পেয়েছে বুয়েটের হলে নির্মমভাবে হত্যার শিকার হওয়া আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। 

বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৯টার দিকে বুয়েটের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে আবরার ফাইয়াজ ৪৫০তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছেন। ফলাফল নিয়ে খুশি আবরার ফাইয়াজ ও তার পরিবার। তবে, নিরাপত্তা নিয়ে এখনও সন্দিহান তারা। কারণ, এই প্রাঙ্গণেই ভাই হারিয়েছেন ফাইয়াজ, সন্তান হারিয়েছেন বরকত উল্লাহ-রোকেয়া খাতুন দম্পতি। তাই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিবেন তারা। 

২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট একদল উগ্র শিক্ষার্থী। এবার সেই ক্যাম্পাসেই ভর্তির সুযোগ পেয়েছেন আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ। তবে ভর্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।  

Advertisement

বুয়েটে চান্স পাওয়ার বিষয়ে আবরার ফাইয়াজ বলেন, রাত ৯টার পরে বুয়েটের ফল পেলাম। বুয়েটে চান্স পেয়ে অনেক ভালো লাগছে। আমার ইচ্ছা আছে ভর্তি হওয়ার। তবে পরিবারের সাথে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। ভর্তি কার্যক্রম ঈদের আগে হচ্ছে না। ১০-১৫ সময় পাচ্ছি। এই সময়ে ভেবে দেখি। পরিবারের সাথেও আলাপ করে দেখি। এরপর সিদ্ধান্ত নিব।

ফাইয়াজ বলেন, ঢাকা ইউনিভার্সিটির ফল এখনও বাকি। আবার আইইউটিতে ভর্তি আছি। এখন পর্যন্ত কোথায় পড়ব সিদ্ধান্ত নেইনি। তবে, বুয়েটে পড়ার সম্ভাবনা বেশি। 

এর আগে গত ১৮ জুন বুয়েট ক্যাম্পাসে ৬ হাজার শিক্ষার্থীকে নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ও বিকেল দুই পর্বে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ‘মডিউল-এ’ সকাল ১০টা-১২টা ও প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের জন্য ‘মডিউল-বি’ দুই শিফটে বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ২৭৯টি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ১৭ হাজার ৩৪ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আবরার
লিংক সফলভাবে কপি হয়েছে!